২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

বর্তমানে তিনজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

রাউজানে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন—রাউজান উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল, বিএনপিকর্মী সোহেল ও ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।  

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় আধিপত্য নিয়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জেনেছি। এসময় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি।” 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিজেদের আধিপত্য ধরে রাখা নিয়ে উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। 

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তারুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজানে গুলিবিদ্ধ পাঁচজনকে রাত ১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুজনকে হাসপাতাল থেকে নিয়ে গেছে তাদের স্বজনরা। বর্তমানে তিনজন চিকিৎসাধীন আছেন।