২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে দ্বিতীয় ধাপের সমীক্ষা

“সমীক্ষায় বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ডিটেইল অ্যানালাইসিস হবে।”

চট্টগ্রামে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে দ্বিতীয় ধাপের সমীক্ষা
চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে দেখা করেছে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ও জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রতিনিধি দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চট্টগ্রাম নগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা সমীক্ষা করবে জাপানের জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

এ কোম্পানির বাংলাদেশ শাখার মার্কেটিং ম্যানেজার ভাস্কর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিতীয় ধাপের কাজ হবে চলতি অগাস্ট থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।

“প্রথম ধাপের ধারাবাহিকতায় এবারের সমীক্ষায় বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ডিটেইল অ্যানালাইসিস করা হবে।”

এর আগে ২০২২-২৩ অর্থ বছরে প্রথম ধাপের সমীক্ষা হয়। ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ওই সমীক্ষা চালায় জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন এবং ইয়াচিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন। সমীক্ষা দেখা যায়, চট্টগ্রামের প্রতিদিন আনুমানিক ২১০০ টন বর্জ্য উৎপাদিত হয় যার ৬৮ শতাংশই গৃহস্থালি।

ভাস্কর সাহা বলেন, প্রথম ধাপের সমীক্ষায় চট্টগ্রাম নগরীতে মোট উৎপাদিত বর্জ্যের পরিমাণ, এর কতটুকু সংগ্রহ করা হয়, সিটি করপোরেশনের ল্যান্ডফিলগুলোর অবস্থা এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল।

দ্বিতীয় ধাপের সম্ভাব্যতা যাচাই নিয়ে তিনি বলেন, “জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় সমীক্ষা হবে। জাপানি কনসালটেন্ট প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে সমীক্ষা পরিচালনা করবে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা করবে জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন।

“বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে ‘ইনশিনারেশন’ (উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ছাই, গ্যাস ও তাপে রূপান্তরের প্রক্রিয়া) করে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন করতে হয়। সেই প্রযুক্তি আমাদের আছে।”

সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় দ্বিতীয় ধাপ নিয়ে সিটি মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সোমবার জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের একটি প্রতিনিধি দল দেখা করে।

সেখানে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বিষয়ক সমন্বিত প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মেয়র শাহাদাত বলেন, “আমি অনতিবিলম্বে বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম শুরু করতে চাই। বেশ কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে আগ্রহ দেখালেও প্রকল্প বাস্তবায়নে ভূমি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ও ব্যবহার করা বেশ চ্যালেঞ্জিং।

“তবে জাপান এ ব্যাপারে কাজ করছে দেখে আমি আশান্বিত এবং এ প্রকল্প বাস্তবায়নে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। কারণ বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

সভায় প্রতিনিধি দলটি বলেছে, দ্বিতীয় ধাপের প্রকল্পের লক্ষ্য হল নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, উৎপাদিত কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ নিরূপন করা সম্ভব হবে। বিশেষ করে জ্বালানি উৎপাদনযোগ্য বর্জে্যর পরিমাণ চিহ্নিত করা, প্রাপ্ত বর্জ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহারের উপযোগী করা এবং সর্বোপরি প্রকল্পটিকে সফল করতে তথ্য ও কারিগরি দিকের অনুসন্ধান করা।

মেয়রের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলে ছিলেন জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা ইজি কোগা, জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশনের জেনারেল ম্যানেজার তাকাহাশি গেন, জেএফই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওওহাশি কেন্টা, ইয়াচিও ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড জাপানের ম্যানেজার মাসায়ুকি শিজো, প্রফেশনাল নাওকি উএহাতা ও অ্যাসোসিয়েট টোটা তাকাগি, ইয়াচিও ইঞ্জিনিয়ারিংয়ের স্থানীয় বিশেষজ্ঞ আবুল হাসনাত মো. আশরাফুল আলম এবং পিটি আরুনিয়া মিত্রা অপটিমা এর পরামর্শক মাহমুদ ইবনে সাদেক ও তানভীর আহমেদ।

সিসিসি সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি প্রমুখ বৈঠকে ছিলেন।