আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তরুণদের ভবিষ্যৎ অন্ধকার: ফখরুল
“যে দেশে ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকে, সে দেশে কোনো গণতন্ত্র থাকতে পারে?”
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে দেশের তরুণ সমাজকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ এই আহ্বান জানান তিনি। বিএনপির সহযোগী তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বন্দর নগরীর কাজীর দেউড়িতে এই সমাবেশ ডাকে।
সমাবেশের প্রধান অতিথি ফখরুল বলেন, “আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে বিপন্ন, অস্তিত্ব ও দেশের মানুষের ভবিষ্যৎ আজ বিপন্ন। এ বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে ছাত্র, যুবক, তরুণদের।”
দেশের বেকার সমস্যার দিকটি দেখিয়ে তিনি বলেন, “২০০৮ সালে এখনকার প্রধানমন্ত্রী, যিনি জোর করে ক্ষমতায় বসে আছেন, নির্বাচনের আগে বলেছিলেন- ঘরে ঘরে চাকরি দিব।
“তরুণ সমাজের চাকরি আছে? চাকরি হয়? কাজ আছে কোন? ব্যবসা বাণিজ্য আছে? আজকে সবচেয়ে করুণ অবস্থায় আছে এ দেশের তরুণেরা। যাদের সামনে কোনো ভবিষ্যৎ নাই, যাদের সামনে অন্ধকার।”
আওয়ামী লীগ দেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছে দাবি করে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, এ দেশকে রক্ষা করার দায়িত্ব তরুণদের। আমরা বুড়ো হয়েছি, বয়স হয়েছে।
“আমরা যখন যুবক ছিলাম, তরুণ ছিলাম, আমরা এ দেশটাকে স্বাধীন করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি।”
মঞ্চে থাকা সাবেক ছাত্রনেতাদের দেখিয়ে তিনি বলেন, “এখানে অনেক ছাত্রনেতা আছেন, যারা দেশনেত্রীর নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
“আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে, বেআইনিভাবে, মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। শুধু আটক করে রাখেনি, তিনি অত্যন্ত অসুস্থ। তাকে কারাগারে অনেকদিন বিনা চিকিৎসায় রাখা হয়েছিল। আমরা জানি না, তাকে সেখানে ‘স্লো-পয়জনিং’ করা হয়েছে কি না? কারণ এখন তিনি যে অসুস্থ হয়েছেন, সে অসুস্থ হওয়ার কথা তার না। তাকে আবার হাসপাতালে যেতে হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “১৫ বছর ধরে অত্যাচার-নির্যাতন চলছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে, অনেককে গুম-খুন করা হয়েছে। সারা বাংলাদেশের ছয়শজনের বেশি মানুষকে গুম করা হয়েছে। ১৩ বছরেও ইলিয়াস আলীর কোনো খোঁজ নেই। তার বড় ছেলে ব্যারিস্টার হয়েছে। তার মেয়ের বয়স ছিল ৬ বছর… এখনও সে বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকে, কখন তার বাবা আসবে?
“অনেক হয়েছে ১৪ বছর… আপনি আমাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন। আমরা কোর্টে যেতে পারি না, গেলেই জেলে ঢুকিয়ে দেওয়া হয়। উচ্চ আদালতে গিয়ে জামিন নিলে নিম্ন আদালতে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ”
বিএনপির ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করা হয়েছে অভিযোগ করে দলটির মহাসচিব বলেন, “যে দেশে ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকে, সে দেশে কোনো গণতন্ত্র থাকতে পারে?”
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে বিএনপির চলমান আন্দোলন নিয়ে ফখরুল বলেন, “আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। ভোটের অধিকার নিশ্চিত করতে চাই।”
দেশের ছয় বিভাগে ‘তারুণ্যের সমাবেশ’ করার কর্মসূচি নিয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, বুধবার যার সূচনা হয়েছে চট্টগ্রামে।
আওয়ামী লীগের পাশে কেউ নেই: আমীর খসরু
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আওয়ামী লীগ দলটি রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। তাদের নির্ভরশীলতা পুলিশের কিছু অংশে… সব না। কিছু সরকারি কর্মকর্তা। কারণ তাদের সাথে কেউ নাই। দেশেও নাই, বিদেশেও নাই।
“আমাদের নির্ভরশীলতা হচ্ছে বাংলাদেশের জনগণ। লক্ষ কোটি জনগণ রাস্তায় নেমেছে ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানাতে। কিছু আওয়ামী অস্ত্রধারী জনগণের বিপক্ষে দাঁড়াতে পারবে? তারা সেটা ভালো করে জানে।”
“ইংরেজিতে বলে ‘গেইম ওভার’। ওরা খেলতে বলতেছে, আমি বলি খেলা শেষ। স্কোর শূন্য… বিএনপি হচ্ছে এ ডিভিশন, তারা তৃতীয় ডিভিশন। তাই আমি বলি খেলা শেষ,” বলেন তিনি।
আমীর খসরু বলেন, “সামনের দিনে ভোট কেড়ে নিতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রাখার হিসাব কড়ায় গণ্ডায় দিতে হবে। তাকে জেলে নেওয়ার পেছনে যাদের হাত ছিল, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
কাজীর দেউড়ি মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে করা এ সমাবেশে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্ব করেন। সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন।
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রকিবুল ইসলাম বকুল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার নেতা আবু সুফিয়ান।
এই সমাবেশ আউটার স্টেডিয়ামে করতে চেয়েছিল বিএনপি। নেতাদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়ার পর তারা মাঠ সংস্কারের জন্য বালু ফেলেছিল। কিন্তু সন্ধ্যায় মঞ্চ তৈরির আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা আটকে দেওয়া হয়।
