আনোয়ারায় ঘরে মা ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ
এ ঘটনায় মৃত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের আনোয়ারায আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মা ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুণপঞ্চক আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
লাশ দুইটি সুমি আক্তার (১৯) ও তার দুই বছর বয়েসী শিশু কন্যা ওয়াজিহা আক্তারের।
তারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মিজানের স্ত্রী ও সন্তান। মিজান পেশায় অটোরিকশাচালক।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইটি শাড়িতে আলাদা ঝুলন্ত অবস্থায় লাশ দুইটি পাওয়া গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সুমির স্বামী মিজানকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “মিজান বলেছেন, পারিবারিক কলহে তার স্ত্রী মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”
লাশ দুইটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
