২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নির্বাচিত ৩ জন রাউজানের, দুজন চাচা-ভাতিজা

একই এলাকায় বাড়ি হলেও তারা জেলা ও নগরীর পৃথক তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 02:03 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

এবারের ভোটে চট্টগ্রাম জেলায় বিএনপি থেকে নির্বাচিত ১২ জনের মধ্যে তিনজনের গ্রামের বাড়ি একই উপজেলা রাউজানের কাছাকাছি দুই গ্রামে। তাদের মধ্যে দুজন চাচা-ভাতিজা।

একই এলাকায় বাড়ি হলেও তারা জেলা ও নগরীর পৃথক তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- চট্টগ্রাম-৭ (রাউজান) আসনের গিয়াস উদ্দিন কাদের চেওধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের হুমাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম- ১০ (ডবলমুরিং-খুলশী-হালিশহর) আসনের সাঈদ আল নোমান। 

এদের মধ্যে গিয়াস কাদের ও হুমাম কাদের আপন চাচা-ভাতিজা। গিয়াস কাদেরের বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম। তাদের পৈত্রিক নিবাস রাউজান উপজেলায়।

সংসদ নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী গিয়াস কাদেরের স্থায়ী ঠিকানা রাউজানের গহিরা ইউনিয়নের বক্স আলী চৌধুরী বাড়ি। 

তার ভাইপো হুমাম কাদেরের হলফনামায় স্থায়ী ঠিকানা রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর এলাকা।

তবে দুইজনেরই পৈত্রিক নিবাস গহিরাতে। দুইজনেরই বর্তমান ঠিকানা চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জ এলাকার গুডস হিল।  

অপরদিকে চট্টগ্রাম-১০ থেকে নির্বাচিত সাঈদ আল নোমানের স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে রাউজানের গহিরায়। 

উভয় পরিবারের ঘনিষ্ঠ একজন স্থানীয় ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির নতুন নির্বাচিত তিনজনের পৈত্রিক নিবাস খুবই কাছাকাছি এলাকাতে। তাদের বাড়ি গহিরায় না হলেও তারা এ এলাকার বাসিন্দা হিসেবেই পরিচিত।

তিনি বলেন, গিয়াস কাদের ও হুমাম কাদেরের বাড়ি গহিরা ইউনিয়নে। সাঈদ আল নোমানের বাড়ি পার্শ্ববর্তী চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা এলাকায়। তবে তাদের বাড়ি পৃথক দুই ইউনিয়নে হলেও কাছাকাছি এলাকাতেই অবস্থিত।