১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পটিয়ায় রিকশা চালকের লাশ উদ্ধার

স্থানীয়দের ভাষ্য শহীদের ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল, তিনি বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 12:20 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

চট্টগ্রামের পটিয়ায় এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার দক্ষিণ ভূর্ষি কেচিয়া পাড়া থেকে মঙ্গলবার রাতে ৩৪ বছর বয়সী মো. শহীদের লাশ উদ্ধার করা হয়। 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি হলেও তিনি থাকতেন চট্টগ্রামের পটিয়ায়। এলাকায় তিনি সৌদিয়া নামে পরিচিত। স্থানীয়দের ভাষ্য শহীদের ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল, তিনি বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জেনেছি শহীদ যাত্রী নিয়ে দক্ষিণ ভূর্ষি কেচিয়া পাড়ায় গিয়েছিলেন। সেখানে তাকে ছুরিকাঘাতে জখম করা হয়।”

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ওসি নুরুজ্জামান।

স্থানীরা বলছে, যাত্রীবেশে থাকা লোকজন শহীদের ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল। তিনি বাধা দেয়ায় তাকে পেটে, পিঠে ছুরিকাঘাত করা হয়। তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। 

ওসি বলেন, “কী কারণে শহীদকে খুন করা হয়েছে সেটি আমরা তদন্ত করে দেখছি।”

তার রিকশাটি ঘটনাস্থলে পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।