Published : 27 Jul 2023, 04:24 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে এক নারীকে শ্বাসরোধে হত্যার মামলায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রিয় লাল দাস মিরসরাইয়ের মগাদিয়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন দণ্ডের সঙ্গে আরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাসের কারাদণ্ডের আদেশও দিয়েছেন “
মামলার এজাহার থেকে জানা গেছে, মিরসরাইয়ের মগাদিয়া ইউনিয়নের দাসপাড়ার বাসিন্দা প্রিয় লাল দাস তার স্ত্রী সুজাতা বালা দাসকে প্রায়ই মারধর করতেন।
২০১০ সালের ৮ ডিসেম্বর বিকালে সুজাতা কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে তার বাবা নিতাই চন্দ্র দাসকে খবর দেওয়া হয়।
মিরসরাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়না তদন্ত প্রতিবেদনে উঠে আসে, সুজাতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
২০১১ সালের ১১ এপ্রিল সুজাতার বাবা মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১১ জুন প্রিয়লালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় দেয় আদালত।