২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে ‘নবপণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের’ ঘোষণার প্রত্যাশা

পটিয়া (বর্তমানে আনোয়ারা) উপজেলার দেয়াং পাহাড়ে অষ্টম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন বিদ্যাপীঠ ‘পণ্ডিত বিহার’; ষোড়শ শতকে তা ধ্বংসপ্রাপ্ত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 08:20 PM

Updated : 26 Oct 2023, 08:20 PM

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে‘আন্তর্জাতিক নবপণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নির্মাণের কার্যক্রম শুরুর ঘোষণা শুনতে চায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন নাগরিক উদ্যোগ।

চট্টগ্রামের আনোয়ার উপজেলায় ঝিউরী ও হাইদগাঁও গ্রামের মাঝামাঝি এলাকায় ‘আন্তর্জাতিক নবপণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ স্থাপনের জন্য ২০১৫ সালে একটি প্রস্তাব দেওয়া হয়, যেটি শিক্ষা মন্ত্রণালয় ঘুরে প্রধানমন্ত্রীর দপ্তরে গেলেও নির্মাণের কোনো ঘোষণা আসেনি সরকারের পক্ষ থেকে।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বাঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেনে সরকারপ্রধান। সেই জনসভা থেকে এ বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দেয়ার দাবি করছেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাবক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তৎকালীন পটিয়া (বর্তমানে আনোয়ারা) উপজেলার দেয়াং পাহাড়ে অষ্টম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন বিদ্যাপীঠ ‘পণ্ডিত বিহার’। ষোড়শ শতকে এসে তা ধ্বংসপ্রাপ্ত হয়।

তিনি জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী বড় উঠান বিশ্বমুড়া এলাকায় প্রত্মতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে গত ১৬ সেপ্টেম্বর থেকে খননকাজ শুরু হয়েছে। সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়, মহাস্থানগড়, বিক্রমশীলার মত বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত বিদ্যাপীঠের মত পণ্ডিত বিহারের পুরাকীর্তির নিদর্শনও ফুটে উঠছে।  

নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদলে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ড. জিনবোধি বলেন, বিভিন্ন স্থান ঘুরে তাদের প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হলেও সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে আর পাঠানো হয়নি।

প্রস্তাবিত আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টিও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত অস্প্রাদায়িক এবং সব ধর্মের শিক্ষার্থীদের জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে সংবাদ সম্মেলনে জিনবোধি ভিক্ষু বলেন, “আমি যেহেতু বৌদ্ধ ভিক্ষু, সেহেতু কিছু মানুষের মনে দ্বিধা সৃষ্টি হয়েছে এটা শুধু বৌদ্ধধর্মাবলম্বীদের হবে। বাংলাদেশে এক শতাংশ বৌদ্ধধর্মাবলম্বীদের বসবাস। তাদের পক্ষে একা একটি স্বায়িত্বশাষিত বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। এখানে আরবির মতো পালি একটি বিভাগ থাকতে পারে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত সংবাদ সম্মেলনে বলেন, প্রস্তাবটি ২০১৫ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হলেও সাত আট বছর ধরে আটকে আছে।

চট্টগ্রামের প্রতি একটি মহলের ‘অবহেলার কারণে’ প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়টির ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন প্রবীণ এ আইনজীবী।

তিনি বলেন, “এখানে যে আগে একটি বিশ্ববিদ্যালয় ছিল, ইতোমধ্যে খনন কাজের মধ্যে সেই নিদর্শনসমূহ বের হয়ে আসতে শুরু হয়েছে। আমাদের ধরে নিতে হবে নালন্দা বিশ্ববিদ্যালয়টি যেমন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ঠিক একই ভাবে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টিও ধ্বংস হয়ে গেছে।

“পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের জায়গা উদ্ধার করে সেখানে যদি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা যায়, তাহলে আজ থেকে হাজার বছর আগের চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা বিকাশে এ পণ্ডিত বিহার বিদ্যাপীঠ যে ভূমিকা পালন করেছিল, সে ইতিহাস আমরা জানতে পারব।”

রানা দাশগুপ্ত বলেন, “নালন্দা বিশ্ববিদ্যালয় যেভাবে নতুন করে করা হচ্ছে, তার মত করে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের জায়গা উদ্ধার করে সেখানে যদি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে এর মাধ্যমে শুধু চট্টগ্রামবাসীর গৌরব গাঁথা বের হয়ে আসবে না, অতীত ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতিও উঠে আসবে। যেটি ভবিষ্যৎ প্রজন্মকেও সমৃদ্ধ করবে।”

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আপনি যদি অনুমতি দিয়ে দেন, তাহলে হয়ত বিশ্ববিদ্যালয়টি কালকেই প্রতিষ্ঠিত হবে না, কিন্তু কার্যক্রমের ধারাবাহিকতা পরবর্তীতে অব্যাহত থাকবে।

“ধারা অব্যাহত থাকলে আমরা মনে করতে পারি কোনো না কোন একদিন এ আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি গোটা বাংলাদেশে গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের অতীত ইতিহাস আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে পারবে, যেভাবে পেরেছে নালন্দা বিশ্ববিদ্যালয়।”

অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ, গবেষক ও সাংবাদিক জামাল উদ্দিন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান, মোদাচ্ছের আলী ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোস্তফা কামাল যাত্রা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।