২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় অপেক্ষা বৃষ্টির, মা মাছের আনাগোনায় তৎপর চোরা শিকারীরাও

রাউজানের পশ্চিম গুজরা এলাকায় ১০ দিনের মধ্যে ৫ কেজি ওজনের দুটি মরা মাছ পাওয়া যায়।

হালদায় অপেক্ষা বৃষ্টির, মা মাছের আনাগোনায় তৎপর চোরা শিকারীরাও
হালদা নদীর রাউজানের আজিমের ঘাট অংশে বৃহস্পতিবার আরেকটি মরা মাছ উদ্ধার হয়। মা মাছটির পেট ডিমে ভর্তি ছিল।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 12:15 AM

Updated : 10 Sep 2026, 12:41 PM

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননের উৎস হালদা নদীতে মা মাছের আনাগোনা শুরু হয়েছে এপ্রিল থেকে। ডিম ছাড়ার এ সময়ে ব্ড় আকারের এমন মাছের সুরক্ষায় দিনে-রাতে নদীতে পাহারার মধ্যে চলছে শিকারও।

মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের টহল এড়িয়ে মা মাছ শিকারে তৎপরতা বেড়েছে শিকারীদেরও।

বৃহস্পতিবার দুপুরে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ৫ কেজি ওজনের মরা মৃগেল মাছ উদ্ধার করা হয়েছে। এটির পেট ছিল ডিমে ভর্তি, রয়েছে আঘাতের চিহ্ন। 

এর আগে গত ৫ মে একই এলাকায় ৫ কেজি ওজনের একটি মরা কাতাল মাছ উদ্ধার করেন স্থানীয়রা। সেটির মাথাতেও আঘাতের চিহ্ন ছিল।

এ দুটি মরা মাছ উদ্ধারের তথ্য দিয়ে হালদার ডিমসংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রওশনগীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে প্রচুর মা মাছ দেখা যাচ্ছে। শিকারীর সংখ্যাও বেড়েছে। এবার বড়শির সংখ্যা বেশি। নদী তীরের মানুষ সচেতন না হলে মা মাছ বাঁচবে না।

মৃগেল মাছটির পেটে যত ডিম দেখা গেছে তা পেলে কয়েকজন ডিম সংগ্রহকারীর জন্য তা যথেষ্ট হত বলে মন্তব্য করেন তিনি।

হালদা নদীর রাউজানের আজিমের ঘাট অংশে বৃহস্পতিবার আরেকটি মরা মাছ উদ্ধার হয়। মা মাছটির পেট ডিমে ভর্তি ছিল।

হালদা নদীর রাউজানের আজিমের ঘাট অংশে বৃহস্পতিবার আরেকটি মরা মাছ উদ্ধার হয়। মা মাছটির পেট ডিমে ভর্তি ছিল।

ডিম পাড়া মাছের এমন আনাগোনার মধ্যে হালদা নদীর দুই পারে ডিম সংগ্রহকারীদের অপেক্ষা এখন বৃষ্টি আর পাহাড়ি ঢলের।

তীব্র তাপদাহ শেষে বৃহস্পতিবার রাতে নগরীতে বৃষ্টির দেখাও মিলেছে। হালদা পাড়েও আকাশ কালো করে মেঘের আনাগোনায় আশাবাদী হয়েছেন দূর দূরান্ত থেকে আসা ডিম সংগ্রহকারীরা।

সংশ্লিষ্টরা বলছেন, ২৩ মে থেকে ২৯ মে অমাবস্যার তিথিতে পাহাড়ি ঢল আর বৃষ্টি হলে ডিম ছাড়তে পারে মা মাছ। তবে বৃহস্পতিবার রাতে ‘পূর্ণিমার জো’ (ডিম ছাড়ার প্রত্যাশিত সময়) থাকার মধ্যে জোরেশোরে বৃষ্টি হলে পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে না। রাতেই মা মাছ ডিম ছাড়বে বলে আশায় তারা।

বছরের এরকম সময়ে (এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত) বজ্রসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ও ভাটার সময়ে নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ।

নদীতে মা মাছের ছাড়া সেই নিষিক্ত ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়। পরে হ্যাচারিতে তা থেকে রেণু পোনার জন্ম হয়।

হালদা যেখানে কর্ণফুলীর সঙ্গে মিশেছে, সেই কালুরঘাট সেতুর কাছের অংশ থেকে উজানে মদুনাঘাট হয়ে নাজিরহাট পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার অংশে নদীর দুই তীরে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি এই তিন উপজেলা।

মদুনাঘাট থেকে সমিতির হাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে হাটাহাজারী ও রাউজান উপজেলা সংলগ্ন অংশেই মেলে নিষিক্ত ডিম। এই অংশেই মা মাছের আনাগোনা বেশি। 

বেড়েছে শিকারীও

হালদা ঘিরে মাছ শিকারীদের তৎপরতার তথ্য দিচ্ছে মৎস্য বিভাগের অভিযান। ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের ১৫ মে পর্যন্ত ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। 

চলতি সপ্তাহে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব মাছ ধরার জাল উদ্ধার করা হয়।

চলতি সপ্তাহে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব মাছ ধরার জাল উদ্ধার করা হয়।

রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকতা মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারেন্ট জাল ও চর ঘেরা জাল ব্যবহার করে রাতের আঁধারে মা মাছ শিকার করা হয়। টানা অভিযানের কারণে এখন চর ঘেরা জাল আর তেমন নেই।

“এপ্রিলের শুরু থেকে মা মাছের আনাগোনা বেড়েছে। এখন বড়শি ব্যবহার করেও মাছ শিকারের চেষ্টা করছে। নদীর নোয়াজিশপুর অংশ থেকে ফটিকছড়ি পর্যন্ত দুই তীরে তেমন বসতি নেই। সেখানে কেওড়া বনে রাতের আঁধারে বড়শি বসানো হয়। সেগুলোও অভিযান চালিয়ে জব্দ করা হচ্ছে নিয়মিত।” 

তার দাবি এবার বেশি মাছ ধরা হচ্ছে না। তবে মা মাছ ভাসতে দেখলেও কেউ কেউ ধরার চেষ্টা করে। দিন-রাত অভিযান চালিয়ে চেষ্টা চলছে তাদের বিরত রাখতে।   

নৌ-পুলিশের হালদা নৌ পুলিশ ফাঁড়ির এএসআই রমজান আলী বলেন, “আমাদের ১টা স্পিড বোট আছে। সেটা নিয়ে আমরা অভিযোনে লেগে আছি। মাত্র তিনজন কনস্টেবল। জ্বালানি সংকটও আছে। মৎস্যবিভাগের সহায়তায় আপ্রাণ চেষ্টা করছি।” 

প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত পূর্ণিমা-অমাবস্যার তিথিতে পাহাড়ি ঢল নামলে ও বৃষ্টি হলে হালদায় ডিম ছাড়ে মা মাছ। সেই সময়কে বলা হয় ‘জো’। চলতি মৌসুমের জন্য হালদা রিসার্চ ল্যাবরেটরির করা জো এর তালিকা।

প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত পূর্ণিমা-অমাবস্যার তিথিতে পাহাড়ি ঢল নামলে ও বৃষ্টি হলে হালদায় ডিম ছাড়ে মা মাছ। সেই সময়কে বলা হয় ‘জো’। চলতি মৌসুমের জন্য হালদা রিসার্চ ল্যাবরেটরির করা জো এর তালিকা।

বৃষ্টির প্রতীক্ষা

হালদার বর্ষীয়ান ডিম সংগ্রহকারী কামাল সওদাগর নৌকা প্রস্তুত করে অপেক্ষায় আছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির দেখা নেই। প্রকৃতিতে বিপদ সংকেত থাকলেও মা মাছ ডিম ছাড়ে না। শুনেছি ঘূর্ণিঝড় হতে পারে। সেরকম হলে ঝড় শেষ হতে হবে। তারপর মা মাছ ডিম ছাড়বে। আমরা আগামী অমাবস্যার অপেক্ষায় আছি। 

“সবাই বৃষ্টির জন্য প্রার্থনা করছে। কিন্তু এরমধ্যে প্রতিদিন মাছ ধরা চলছে। আজকেও একটা মাছ মারা গেছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, “চলতি মৌসুমের ছয়টা জো’র (ডিম ছাড়ার প্রত্যাশিত সময়) মধ্যে তিনটা চলে গেছে। কিন্তু পাহাড়ে এখনো বৃষ্টি হয়নি। আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। 

“ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে ডিম ছাড়তে পারে। নদীর অন্যান্য কনডিশন অনুকূলে আছে। বৃষ্টি হলে আসন্ন অমাবস্যার তিথিতে ডিম ছাড়তে পারে।”