২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল খাদ্যপণ্যের কারখানা

কারখানার যন্ত্রাংশ ও খাদ্য পণ্য পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি হওয়ার কথা বলেছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 01:11 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

চট্টগ্রামের খুলশিতে একটি জুস ও খাদ্যপণ্য তৈরির কারখানায় আগুনে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বুধবার ভোর ৪টার দিকে খুলশীর এভার কেয়ার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি প্রোডাক্ট নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

কিন্তু ততক্ষণে কারখানার যন্ত্রাংশ ও খাদ্য পণ্য পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটি বড়। সেখানে জুস, চানাচুর ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির যন্ত্র ও কাঁচামাল পুড়ে গেছে। কিছু প্রস্তুত খাদ্যপণ্যও আগুনে পুড়েছে।

রাত ১টার দিকে কাজ শেষ করে ওই কারখানার শ্রমিকরা চলে যায় জানিয়ে রাজ্জাক বলেন, “আগুন লাগার সময় কারখানায় কেউ ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”