নারী আইনজীবীর চেইন ছিনতাই, চট্টগ্রামে বাসসহ চালক-সহকারী আটক
ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে চালক ও সহকারীসহ বাসটি আটক করা হয়।
চট্টগ্রামে এক নারী আইনজীবীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনায় একটি বাসসহ চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার নগরীর কোতোয়ালি মোড় থেকে চালক ও সহকারীসহ বাসটি আটক করা হয়।
ছিনতাইয়ের শিকার আইনজীবী শেফায়েতুন নেছা সোমা চট্টগ্রাম আদালতের আইনজীবী।
সোমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাইগার পাস মোড় থেকে আদালত ভবনে আসার জন্য ৬ নম্বর বাসে উঠি এবং চালকের পেছনে আসনে বসি। বিআরটিসি ফলমণ্ডি এলাকায় পৌঁছানোর পর সেখানে ছয় থেকে সাত জন লোক উঠে আমাকে সামনে এগিয়ে সরে বসতে বলেন।
“নিউ মার্কেট মোড় পার হয়ে জিপিও’র দিকে যাবার পথে এক যুবক আমার গলার থেকে চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে দ্রুত বাস থেকে নেমে যায়।”
সোমার অভিযোগ, এসময় তিনি ‘ছিনতাইকারী’, ‘ছিনতাইকারী’ বলে দৌঁড়ে বাস থেকে নামার চেষ্টা করলে কয়েকজন যুবক বাসের দরজায় দাঁড়িয়ে থাকায় তিনি নামতে পারেননি।
ওই যুবকরাও ছিনতাইকারী দলের সদস্য এবং তার পথরোধ করতে দাঁড়িয়ে ছিল বলে ধারণা তার।
সোমা বলেন, “আমি একটু পর নেমে গিয়ে বিষয়টি দায়িত্বরত এক সার্জেন্টকে জানাই এবং তিনি আমাকে থানায় জানানোর পরামর্শ দিলে থানায় যোগাযোগ করি।”
থানায় জানানোর পর বাসটিকে কোতোয়ালি মোড় থেকে জব্দ করা হয় বলে জানান আইনজীবী সোমা।
কোতোয়ালি থানার ওসি বলেন, “বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে। তবে এখনও থানায় কোনো মামলা হয়নি।”
