২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কব্জির চোটে ছিটকে গেলেন রুতুরাজ

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না ভারতীয় ওপেনারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 04:41 PM

Updated : 26 Jan 2023, 04:41 PM

রঞ্জি ট্রফি খেলতে গিয়ে পাওয়া চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না রুতুরাজ গায়কোয়াড়ের। কব্জির ব্যথায় তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় ওপেনার। 

রাঁচিতে শুক্রবার মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। রুতুরাজের বদলি হিসেবে কাউকে নিচ্ছে না ভারত। ফলে এখন পৃথ্বী শ’র সামনে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। 

গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিপক্ষে দুই ইনিংসে ৮ ও ০ রান করেন রুতুরাজ। ম্যাচ শেষে বিসিসিআইকে হাতে ব্যথার কথা জানান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। 

কব্জির অবস্থা আরও ভালোভাবে পর্যবেক্ষণ ও পুনর্বাসনের জন্য এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন রুতুরাজ। 

এ নিয়ে দ্বিতীয়বার এই সমস্যায় পড়লেন তিনি। একই চোটে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে পারেননি ডানহাতি ওপেনার। এছাড়া কোভিড পজিটিভ হওয়ায় গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেও খেলা হয়নি তার।