কোহলি-রোহিতদের আগে বাংলাদেশে আসছে ভারত 'এ' দল
স্বাগতিক 'এ' দলের বিপক্ষে দুইটি অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ খেলবে তারা।
পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে ভারত জাতীয় দলের বাংলাদেশ সফরের আসার সবকিছু ঠিকঠাক। তার আগে বাংলাদেশে খেলতে আসছে ভারত ‘এ’ দলও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, দুইটি অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ খেলতে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশে আসবে ভারতের 'এ' দল। চার দিনের ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে ২৯ নভেম্বর। ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
প্রায় আড়াই সপ্তাহের সফর শেষে ১০ ডিসেম্বর দেশে ফিরে যাবে তারা। এ দুই ম্যাচের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। সম্ভাব্য ভেন্যু কক্সবাজার ও সিলেট।
দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে প্রায় ৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত জাতীয় দল। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে পৌছাবে তারা। ৪ তারিখ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে তিনটিই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের পরের দুই ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের পরের ম্যাচ শুরু হবে ২২ ডিসেম্বর।
