১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাঠে নামার আগেই বিপিএল ছাড়তে হলো পাকিস্তানের হারিসকে

পাকিস্তানের বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় চার দিন বাংলাদেশে থেকে না খেলেই ফিরছেন এই ব্যাটসম্যান।

মাঠে নামার আগেই বিপিএল ছাড়তে হলো পাকিস্তানের হারিসকে

বিলাল খানের সঙ্গে মোহাম্মদ হারিস (ডানে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 08:34 PM

Updated : 22 Jan 2024, 09:34 AM

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কোনো ম্যাচ খেলার আগেই বিপিএল শেষ হয়ে গেল মোহাম্মদ হারিসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় বাংলাদেশে এবার খেলতে পারবেন না এই কিপার-ব্যাটসম্যান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই খবর জানিয়েছে চট্টগ্রাম। রাতের ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন হারিস। 

নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল শুরুর আগ পর্যন্ত বিপিএল খেলার আশায় গত ১৭ জানুয়ারি বাংলাদেশে আসেন হারিস। পরদিন থেকে নিয়মিতই তাকে দেখা যায় চট্টগ্রামের অনুশীলনে।  

কিন্তু টুর্নামেন্টের প্রথম দুই দিন দুটি ম্যাচ খেললেও হারিসকে একাদশে রাখেনি তারা। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে তখনই আভাস মিলেছিল, বিপিএলে খেলার জন্য পিসিবির অনাপত্তিপত্র পাননি ২২ বছর বয়সী ব্যাটসম্যান।  

এবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করল সেটি। 

“অনাপত্তিপত্র না পাওয়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ক্যাম্প ছাড়লেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যবর্তী সময়ে দুটি লিগ খেলে ফেলায় পিসিবির সবুজ সংকেত পাননি তিনি।” 

বাংলাদেশ ছাড়ার আগে ভিডিওবার্তায় আগামী বছর চট্টগ্রামের হয়েই খেলার আশা ব্যক্ত করেন তরুণ কিপার-ব্যাটসম্যান। 

“বাংলাদেশের ভক্তদের দারুণ কিছু ম্যাচ উপহার দেওয়ার জন্য উন্মুখ ছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত আমাকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। যে কারণে কোনো ম্যাচ খেলতে পারব না। আমি জানি, দলের আমাকে দরকার ছিল। আমি তাদের পরিকল্পনায় ছিলাম।” 

“আশা করি আগামী বছর আমি আবার চট্টগ্রামে যোগ দেব। আমার যত্ন নেওয়ায় টিম ম্যানেজমেন্ট ও বিসিবিকে ধন্যবাদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য আমার শুভকামনা।” 

হারিসের মতো অনাপত্তিপত্র বিষয়ক ঝামেলায় পড়েছেন ফাখার জামান, ইফতিখার আহমেদ, আব্বাস আফ্রিদিও। ফরচুন বরিশালের পক্ষ থেকে বলা হয়েছে, ফাখার ও আফ্রিদির অনাপত্তিপত্রের জন্য অপেক্ষায় তারা।  

কুমিল্লা ভিক্টোরিয়ান্স অবশ্য ছেড়ে দিয়েছে ইফতিখারের আশা। এখনও অনাপত্তিপত্র না পাওয়ায় তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।