২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টিতে নেই ডমিঙ্গো

ওয়ানডে ও টেস্ট নিয়েই কাজ করবেন বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 02:35 PM

Updated : 22 Aug 2022, 04:49 PM

টি-টোয়েন্টি দলের কনসালটেন্ট হিসেবে শ্রীধরন শ্রীরাম নিয়োগ পাওয়ার পর থেকেই এই সংস্করণে রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়ে জাগে প্রশ্ন। সে সবের ইতি টানলেন নাজমুল হাসান। বিসিবি প্রধান জানালেন, টি-টোয়েন্টিতে গেম প্ল‍্যান সাজাবেন শ্রীরাম। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে দলের সঙ্গে থাকবেন না ডমিঙ্গো।

বাংলাদেশের প্রধান কোচ এখন থেকে কাজ করবেন ওয়ানডে ও টেস্ট দল নিয়ে। আগামী তিন সপ্তাহের মধ‍্যে এই দুই সংস্করণ নিয়ে নিজের পরিকল্পনা জানাবেন ডমিঙ্গো।

এশিয়া কাপ দিয়ে কাজ শুরু হচ্ছে শ্রীরামের। নিউ জিল‍্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রাথমিকভাবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নাজমুল হাসান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডমিঙ্গোকে সঙ্গে নিয়ে গণমাধ‍্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান। মাঠে তখন চলছিল এশিয়া কাপগামী ক্রিকেটারদের প্রস্তুতি ম‍্যাচ। আগের দিনের মতো এদিনও দলের সঙ্গে ছিলেন না ডমিঙ্গো। বিসিবি প্রধান জানালেন, এই পরিস্থিতি থাকবে অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

“রাসেল ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না। ও তো ওয়ানডে ও টেস্টে। আমরা টি-টোয়েন্টিটাকে আলাদা করেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গো দলে থাকবে না।”

গত শনিবার গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছিলেন, তখন পর্যন্ত শ্রীরামের নিয়োগ নিয়ে ডমিঙ্গোর সঙ্গে কোনো আলোচনা হয়নি বোর্ডের। সোমবার প্রধান কোচের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানালেন নাজমুল হাসান।

“শ্রীধরন শ্রীরামের সঙ্গ একটু বসা হলো, রাসেল ডমিঙ্গোর সঙ্গে একটু বসা হলো। ভবিষ‍্যতের পরিকল্পনা কী করবো না করবো, এগুলো নিয়ে আমাদের মধ‍্যে ভালো আলোচনা হয়েছে।“

“ওয়ানডে ও টেস্ট নিয়ে রাসেল কী করবে না করবে, তিন সপ্তাহের মধ‍্যে আমাদের একটা বিস্তারিত পরিকল্পনা দেবে। ও আমাদের এনসিএল দেখতে চায়, ‘এ’ দলের খেলাগুলো দেখতে চায়। ভবিষ‍্যতের সম্ভাবনাময় কারা আছে, ও একটু দেখতে চায়। জাতীয় দলে যারা নাই, তাদের নিয়ে কীভাবে কাজ করা যায়। তার জন‍্য আমাদের কী কী সাপোর্ট স্টাফ লাগবে, আমরা এসব নিয়ে আলোচনা করেছি।”

ডমিঙ্গো ব‍্যস্ত হয়ে যাবেন তার কাজ নিয়ে। এই সময়ে টি-টোয়েন্টিতে হেড কোচ তাহলে কে? ব‍্যাখ‍্যা দিলেন বিসিবি প্রধান।

“টি-টোয়েন্টিতে হেড কোচ বলে এখন পর্যন্ত কেউ নাই। এখানে আমাদের ব‍্যাটিং কোচ আছে, পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, আমাদের অধিনায়ক (আছে)। টি-টোয়েন্টির জন‍্য আমরা একজন টেকনিক‍্যাল কনসালটেন্ট নিয়েছি। সে গেইম প্ল‍্যানটা দেবে। এখন যদি সেই গেইম প্ল‍্যান দেয়, তাহলে হেড কোচ কী করবে আর?”

“কোচিং দলকে নেতৃত্ব দেবেন কে? (এশিয়া কাপে) আমাদের টিম ডিরেক্টর থাকবে, (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান) জালাল (ইউনুস) ভাই থাকবে, আমি থাকছি।”

দলে কোনো সংশয় তৈরি করতে চান না বলেই ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়ার কথা বললেন নাজমুল হাসান।

“এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখন আমরা তাকে পাঠাতে পারতাম টি-টোয়েন্টিতে। তাহলে আপনার কি মনে হয়, (শ্রীরাম) এই যে গেইম প্ল‍্যান করবে, ও ফ্রি লি করতে পারবে?… একজন যদি হেড কোচ থাকে তারও তো একটা মতামত থাকে। আমরা তো আলাদাই করতে চাচ্ছি। খামাখা আমরা দলের মধ‍্যে কোনো কনফিউশন তৈরি করতে চাইনি। টি-টোয়েন্টিতে ডমিঙ্গোকে পাঠানো হচ্ছে না, বিশ্বকাপ পর্যন্ত নাই সে। আমরা একদম আলাদা করে দেখতে চাচ্ছি। দেখা যাক কী ঘটে।”