২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদমান-মিঠুনের ফিফটি, ব্যর্থ জয়-মুমিনুল

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও করতে পারেননি সাদমান ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 07:50 PM

Updated : 25 Oct 2022, 07:50 PM

ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছেন না মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। বিসিবি একাদশের হয়ে ভারত সফরে চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে দুজনের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। তবে ফিফটি করেছেন সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুন। 

তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে মঙ্গলবার প্রথম দিন শেষে ৮৪ ওভারে বিসিবি একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২৩০ রান। 

১২৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলছেন অধিনায়ক মিঠুন। 

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রয়েসয়ে শুরু করেন দুই ওপেনার জয় ও সাদমান। বেশিক্ষণ টিকতে পারেননি জয়। ইনিংসের নবম ওভারে তিনি এলবিডব্লিউ হন ৩ রান করে। 

দেশ ছাড়ার আগে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে ১১ ও ৭ রান করেছিলেন জয়। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৪ ইনিংস ধরে ফিফটি নেই তার ব্যাটে। 

দ্বিতীয় উইকেটে সাইফ হাসানকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাদমান। দুজনের ৩১.৫ ওভার স্থায়ী জুটিতে আসে ৮৫ রান। ১১৯ বলে ৩৮ রান করা সাইফ হন বোল্ড। 

ওই ওভারের শেষ বলে ভিগনেশের তৃতীয় শিকার হন মুমিনুল। উইকেটের পেছনে বাবা ইন্দ্রজিতের হাতে ক্যাচ দেওয়া বাঁহাতি ব্যাটসম্যান করেন ২ রান। 

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ১৩ ও ২২। বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে ৮৮ রান করার পর আর হাসেনি মুমিনুলের ব্যাট। 

দ্রুতই দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন সাদমান ও মিঠুন। দুজনের জুটিতে আসে ১০৫ রান। ফিফটি ছুঁতে সাদমান খেলেন ১২২ বল। ৯৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন মিঠুন। 

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দলীয় দুইশ হওয়ার পরপরই ক্যাচ দিয়ে বিদায় নেন সাদমান। ১৯৪ বলে ৯ চারে তিনি করেন ৮৯ রান। 

এরপর এনামুল হক ফেরেন ২১ বলে ২ রান করে। দিনের বাকি সময়ে আর বিপদ হতে দেননি মিঠুন ও জাকের আলি অনিক। 

সংক্ষিপ্ত স্কোর: 

বিসিবি একাদশ: ৮৪ ওভারে ২৩০/৫ (জয় ৩, সাদমান ৮৯, সাইফ ৩৮, মুমিনুল ২, মিঠুন ৭৪*, এনামুল ২, জাকের ৬*; ভিগনেশ ১৪-০-৩৭-৩, গোথাম ১৩-১-৩৭-০, অস্বিন ১১-২-২৬-০, সুনিল ১৬-২-৬২-০, অজিত ২৬-১২-৩৫-২, কৌশিক ৪-০-২৯-০)