অনাপত্তিপত্র পেয়েও কানাডার লিগে খেলা হলো না আফিফের
ভিসা ও টিকেট জটিলতার কারণে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যেতে পারলেন না বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান।
বিসিবির অনুমতি পাওয়ার পরও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে পারলেন না আফিফ হোসেন। ভিসা ও টিকেট জটিলতার কারণে যথাসময়ে কানাডায় যেতেই পারলেন না বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
টুর্নামেন্টের শেষ ভাগের জন্য গ্লোবাল টি-টোয়েন্টির দল সারে জাগুয়ার্স আফিফকে দলে টেনেছিল। সেখানে তিনি সতীর্থ হিসেবে পেতেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান লিটন দাসকে।
সব কিছু চূড়ান্ত হওয়ার পর রোববার বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়ে যান আফিফ। সেদিন বিকেলেই কানাডার বিমানে ওঠার কথা ছিল তার। কিন্তু ভিসা ও টিকেট জটিলতায় তা সম্ভব হয়নি।
পরে সমস্যার সমাধান হলেও টুর্নামেন্টের আর বেশি সময় বাকি না থাকায় শেষ পর্যন্ত কানাডায় যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন আফিফ।
গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য ৮ অগাস্ট পর্যন্ত ছুটি পেয়েছিলেন আফিফ। এরপর দেশে ফিরে জাতীয় ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার।
তবে এখন কানাডা যেতে না পারায় আফিফ শুরু থেকেই ক্যাম্পে থাকছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিসিবির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস।
“আফিফকে আমরা সময়মতো অনাপত্তিপত্র দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওর ভিসা বিষয়ক কিছু সমস্যা হয়েছে। আজকে ওকে বিসিবিতে দেখে আমি নিজেও অবাক হয়েছি! পরে ও বলল, ‘আমার ভিসা নিয়ে একটু সমস্যা হয়েছে। তাই সিদ্ধান্ত নিলাম আর যাব না।’ এখন ও জাতীয় ক্রিকেটারদের ক্যাম্পেই থাকবে।”
ফিটনেস ক্যাম্পের অংশ হিসেবে মঙ্গলবার বিসিবিতে মেডিকেল টেস্ট করিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্টও দেওয়ার কথা রয়েছে তার।
গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ ৬ অগাস্ট। ওই টুর্নামেন্ট শেষ করে জাতীয় ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দেবেন লিটন।
