২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতি সফরে নিউ জিল্যান্ডের পথে শান্ত-মিরাজরা

টেস্ট সিরিজে ব্যস্ত থাকা পাঁচ ক্রিকেটার নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন সোমবার রাতের ফ্লাইটে।

ফিরতি সফরে নিউ জিল্যান্ডের পথে শান্ত-মিরাজরা

বিমানবন্দরে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 12:17 AM

Updated : 12 Dec 2023, 12:25 AM

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষে সাদা বলের লড়াইয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। ঘরের মাঠে দুই টেস্ট খেলে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ডের পথে উড়াল দিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।  

সাদা বলের দুই সংস্করণে খেলতে শনিবার রাতে প্রথম বহরে নিউ জিল্যান্ডের উদ্দেশে উড়াল দেন বেশিরভাগ ক্রিকেটার। টেস্ট সিরিজে ব্যস্ত থাকা পাঁচ ক্রিকেটার রওনা হলেন সোমবার রাতের ফ্লাইটে। 

অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজসহ দ্বিতীয় বহরে যাত্রা করেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। তাদের সঙ্গী হয়েছেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে, দুই ভারপ্রাপ্ত কোচ ডেভিড হেম্প, কোরি কলিমোরসহ আরও কয়েকজন সদস্য।

সহকারী কোচ নিক পোথাসসহ টেস্ট সিরিজের বাইরে থাকা ক্রিকেটাররা গেছেন প্রথম বহরে।  

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সবার আগে প্রবেশ করতে দেখা যায় হাথুরুসিংহেকে। ক্রিকেটারদের মধ্যে আগে আসেন শান্ত। সবার শেষে মিরাজ। 

ডানেডিনে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। মূল লড়াই শুরুর আগে লিংকনে বৃহস্পতিবার ভোরে নিউ জিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 

নেলসনে ২০ ও নেপিয়ারে ২৩ ডিসেম্বর হবে বাকি দুই ওয়ানডে। 

নেপিয়ারে ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।