২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে অনিশ্চিত স্টয়নিস

গত মাসে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি এই পেস বোলিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 05:07 PM

Updated : 05 Oct 2023, 05:07 PM

পুরোনো চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি মার্কাস স্টয়নিস। তাই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

চেন্নাইয়ে আগামী রোববার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। এই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা স্টয়নিসকে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দলটির কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

গত মাসে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছেড়ে যান স্টয়নিস। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি।

ইংল্যান্ড-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে বৃহস্পতিবার বিশ্বকাপ শুরু হলেও এখন পর্যন্ত স্টয়নিসকে নিয়ে কোনো সুখবর পায়নি অস্ট্রেলিয়া। এ দিন সংবাদমাধ্যমে ম্যাকডোনাল্ড জানান, এই অলরাউন্ডারকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা।

“মোহালির ম্যাচের পর এটি (স্টয়নিসের চোট) হয়েছে। ওই ম্যাচে সে সামান্য ব্যথা পায়। পরবর্তীতে আরও পরীক্ষা করে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এখন সে পুনর্বাসনে রয়েছে। প্রথম ম্যাচে তার খেলার ব্যাপারটি এখন ঝুলছে।”

“(প্রথম ম্যাচ থেকে) সে এখনও ছিটকে যায়নি। তবে প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা তার ব্যাপারে ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম না। সামনে কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ।”

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে পাঁচ অলরাউন্ডারের একজন স্টয়নিস। তিনি ছাড়াও পেস অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন। যথা সময়ে সুস্থ হলে দুজনকে একইসঙ্গে একাদশে খেলানোর আভাসও দিয়েছেন ম্যাকডোনাল্ড।