Published : 11 Oct 2022, 03:19 PM
গোল হয়ে দাঁড়িয়ে দলের সবাই, তাদের উদ্দেশে কথা বলছেন সাকিব আল হাসান। নিউ জিল্যান্ডে বাংলাদেশে দলের অনুশীলনের কয়েকটি স্থিরচিত্রে দেখা গেল এমনটি। বিসিবির একটিও ভিডিওতেও দেখা গেল একইরকম দৃশ্য, হাত নাড়িয়ে সবাইকে কিছু বোঝাচ্ছেন সাকিব। খুব চমকপ্রদ কিছু নয় যদিও। দলের অধিনায়ক তিনি, এসব তার দায়িত্বেরই অংশ। তবে শুধু এসবই নয়, অধিনায়ক হিসেবে সব দায়িত্বই সাকিব পালন করছে বলে জানালেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভাগ্য বদলের আশায় সাকিব ও শ্রীরামের দায়িত্বের পালা শুরু প্রায় হাত ধরাধরি করেই। গত ১৩ অগাস্ট নতুন করে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফেরানো হয় সাকিবকে। এরপর সপ্তাহ না ঘুরতেই জানানো হয়, টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালটেন্টের মোড়কে প্রধান কোচের দায়িত্বে থাকবেন শ্রীরাম।
তবে শুরুটা ভালো হয়নি দুজনের জুটির। এশিয়া কাপে দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। পরে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজে ছিলেন না সাকিব। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ সেই ম্যাচ দুটি জিতলেও পারফরম্যান্সে পূরণ হয়নি প্রত্যাশার সবটুকু।
নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও সাকিব ছিলেন বাইরে। সোহানের নেতৃত্বে এবার হারে দল। দ্বিতীয় ম্যাচে সাকিব ফিরলেও বদল হয়নি ফলাফলে।
সময়টা তাই কঠিন যাচ্ছে সাকিব-শ্রীরাম জুটির জন্য। ক্রমাগত ধুঁকতে থাকা, আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলকে উজ্জীবিত করার কাজটি সহজও নয়।
তবে শ্রীরাম এসবে খুব বিচলিত নন। সাকিবকেও তিনি খুব মরিয়া ও কাতর দেখছেন না। বিসিবির ভিডিও বার্তায় টেকনিক্যাল কনসালটেন্ট বললেন, ফুরফুরে থেকে দলকে চাঙা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক।
“আন্তর্জাতিক ক্রিকেটে ওঠা-নামা থাকবেই। এই ওঠা-নামার সময়টায় আমাদেরকে স্থির থাকতে হবে। দলে এই আবহ বজায় রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সবসময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিষ্কার পরিকল্পনা আছে তার।”
শ্রীরামের চাওয়া, সাকিব দলকে এগিয়ে নিয়ে যাবেন নিজের মতো করেই। কোচিং স্টাফের চেষ্টা থাকবে সেই পথ মসৃণ করে তোলার।
“আমাদের সবটুকু সমর্থন তার প্রতি আছে। আমরা চাই সে দলকে এগিয়ে নিক। এটা তার দল, আমরা তাকে সবদিক থেকে সহায়তা করব।”
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে সাকিবরা বুধবার মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের। ক্রাইস্টচার্চে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।