‘ভবিষ্যতে হয়তো টেস্ট খেলবে ৫-৬টি দেশ’
টেস্ট ক্রিকেটের পরিসর ছোট হয়ে আসতে পারে বলে মনে করেন গ্রায়েম স্মিথ।
বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলির আধিপত্যে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে অনেক। টেস্ট ক্রিকেট নিয়ে নানা শঙ্কার ছবি অনেকেই আঁকেন নিয়মিত। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ যেমন মনে করেন, ভবিষ্যতে হয়তো মাত্র পাঁচ থেকে ছয়টি দেশ টেস্ট খেলতে পারে।
বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২। এর মধ্যে শীর্ষ ৯ দল খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না।
সম্প্রতি ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেন, টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে হলে ১০-১২ দলের দরকার নেই, শুধু শীর্ষ ছয় দলই খেলুক এই সংস্করণে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লর্ডস টেস্টের তৃতীয় দিনে শুক্রবার স্কাই স্পোর্টসে প্রায় একই কথা বললেন স্মিথও। তার মতে, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে বড় দলগুলি।
“বর্তমানে শুধুমাত্র বড় ক্রিকেটীয় দেশগুলোই টেস্ট ক্রিকেটে অবদান রাখছে। এটা সত্যিই দারুণ ব্যাপার যে বিরাট কোহলির নেতৃত্ব ভারত টেস্ট ক্রিকেটকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল। তারা সেই পথেই আছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের কথা বললে আপনি ১০, ১১, ১২, ১৩, কিংবা ১৪টি দল পাবেন না। এক সময় পাঁচ থেকে ছয়টি দল হয়তো এই পর্যায়ে টেস্ট ক্রিকেট খেলতে পারে।”
স্মিথের মন্তব্য এলো এমন সময়ে, যখন আইসিসির কদিন আগে প্রকাশিত ২০২৩-২৭ ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) বর্তমান চক্রের তুলনায় কম টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন টেস্টের সিরিজ নেই তাদের।
আগামী জানুয়ারিতে শুরুতে হতে যাওয়া নতুন ফ্র্যাঞ্চাইজি লিগকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ কমানো হয়েছে, তা স্বীকারও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বোর্ডের প্রধান নির্বাহী ফোলেৎসি মোসেকি বলেন, তাদের নতুন টি-টোয়েন্টি লিগ এবং টেস্ট ক্রিকেট আয়োজনের আর্থিক ঘাটতিরে প্রভাব পড়েছে নতুন সূচিতে। এতে যে দেশের ক্রিকেটে হতাশা ছড়াবে, সেটিও তারা বুঝতে পারেন বলেই জানান তিনি।
টেস্ট ম্যাচ কমে যাওয়ায় যেমন হতাশা প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) প্রধান নির্বাহী অ্যান্ড্রু ব্রিটজ।
“টেস্ট ক্রিকেট কমে যাওয়ার কারণে আমরা হতাশ। তরুণদের জন্য টেস্ট ক্রিকেট তাদের ক্রিকেটীয় দক্ষতার সর্বোচ্চ পরীক্ষা। কম টেস্ট খেলা এবং আরও দুই টেস্টের সিরিজের কারণে টেস্ট ক্রিকেটকে ম্লান করা হচ্ছে।”
