১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৬ উইকেটের দিনে জয় দেখছে পূর্বাঞ্চল

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে শেষ দিনে জয়ের জন্য পূর্বাঞ্চলের দরকার ৪১ রান, হাতে ৭ উইকেট।

১৬ উইকেটের দিনে জয় দেখছে পূর্বাঞ্চল

দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলকে অল্পে গুটিয়ে দিতে প্রথম ৩ উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 06:58 PM

Updated : 13 Dec 2023, 10:28 PM

দিনের প্রথম তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নিলেন আবু হায়দার। পূর্বাঞ্চলকে দ্রুত থামিয়ে ছোট্ট লিড পেল মধ্যাঞ্চল। কিন্তু তাদের সেই স্বস্তি উবে গেল ব্যাটিংয়ে নেমে। দলটিকে অল্পে গুটিয়ে দেওয়ার পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয়ের সুবাস পাচ্ছে পূর্বাঞ্চল। 

চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শেষ দিনে জয়ের জন্য পূর্বাঞ্চলের দরকার আর ৪১ রান, হাতে ৭ উইকেট।

১৪৯ রানের লক্ষ্য তাড়ায় বুধবার তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চলের রান ৩ উইকেটে ১০৮। ৪০ রানে খেলছেন অমিত হাসান। ৩৬ রানে অপরাজিত আছেন শামীম হোসেন।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঘাসের ছোঁয়া থাকা পিচে এ দিন সব মিলিয়ে পতন হয়েছে ১৬ উইকেট।

দিনের প্রথম বলে ইরফান শুক্কুরকে বোল্ড করে দেন আবু হায়দার। আগের দিনের ৯১ রানেই থেমে যেতে হয় ইরফানকে।

বাঁহাতি পেসার আবু হায়দার এক বল পর স্টাম্প এলোমেলো করে দেন আবু জায়েদের। নিজের পরের ওভারে নাঈম আহমেদকে রান আউট করাতেও ভূমিকা রাখেন তিনি।

পূর্বাঞ্চলকে ২৫৭ রানে থামিয়ে ২৩ রানের লিড পায় মধ্যাঞ্চল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে তারা গুটিয়ে যায় স্রেফ ১২৫ রানে।

সর্বোচ্চ ২৫ রান করতে পারেন শুভাগত হোম। মোহাম্মদ নাঈম শেখ, নাঈম ইসলাম, মাহিদুল ইসলাম, সাদমান ইসলামের কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

১৬ রানে ৪ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সফলতম বোলার নাঈম আহমেদ। প্রথম ইনিংসেও এই অফ স্পিনারের শিকার ছিল ৪টি।

পেসার সৈয়দ খালেদ আহমেদ শুরুর ৩ উইকেট নেন ৩৪ রান দিয়ে।

ছোট লক্ষ্য তাড়ায় পূর্বাঞ্চলের শুরুটা ভালো ছিল না। তৃতীয় ওভারে ফিরে যান সৈকত আলি। ৫৮ রানের মধ্যে বিদায় নেন পারভেজ হোসেন ও ইয়াসির আলিও। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়াসির এবার দুই অঙ্কে যেতে পারেননি।

এরপর অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে দলকে এগিয়ে নেন অমিত ও শামীম। 

সংক্ষিপ্ত স্কোর

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২৮০ 

পূর্বাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৫২/৭) ৮০.১ ওভারে ২৫৭ (ইরফান ৯১, আবু জায়েদ ০, খালেদ ৩*, নাঈম ২; আবু হায়দার ১০.১-২-২৭-৩, রিপন ১০-২-২৪-১, নাজমুল ২২-৩-৭৫-৩, শুভাগত ১৮-১-৮৫-১, তাইবুর ৪-১-১৩-০, সাইফ ১৬-৩-৩৩-১) 

মধ্যাঞ্চল ২য় ইনিংস: ৩৮.২ ওভারে ১২৫ (নাঈম শেখ ০, রনি ২৪, সাইফ ১৫, নাঈম ইসলাম ৬, মাহিদুল ৮, তাইবুর ১৫, সাদমান ৮, শুভাগত ২৫, আবু হায়দার ১, নাজমুল ০, রিপন ০; খালেদ ৬-০-৩৪-৩, আবু জায়েদ ৮-২-২২-১, নাসুম ১৫.২-৬-৩৬-২, নাঈম ৯-৪-১৬-৪) 

পূর্বাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৯) ৩৭.১ ওভারে ১০৮/৩ (সৈকত ৬, পারভেজ ১৩, অমিত ৪০*, ইয়াসির ৮, শামীম ৩৬*; আবু হায়দার ৩-০-৯-১, নাজমুল ১৮-১০-২৯-১, রিপন ১.১-০-৩-০, শুভাগত ১৩-০-৪৬-১, সাইফ ২-০-১৬-০) 

মামুন-প্রিতম-আকবরের ফিফটি 

আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ব্যাটসম্যানের ফিফটিতে দক্ষিণাঞ্চলকে বড় লক্ষ্য দেওয়ার পথে আছে উত্তরাঞ্চল।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ২৭৭ রান। প্রথম ইনিংসের ২৪ রানের ঘাটতি পুষিয়ে ২৫৩ রানে এগিয়ে আছে তারা।

৯ উইকেটে ২৪২ রান নিয়ে এ দিন ব্যাটিং শুরু করে আর কেবল ১ রান যোগ করতে পারে দক্ষিণাঞ্চল।

শেষেরটিসহ ৪৭ রানে ৪ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সফলতম বোলার ইয়াসিন আরাফাত।

দ্বিতীয় ইনিংসে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন আইচ মোল্লা ও সাব্বির হোসেন। এরপর দ্রুতই বিদায় নেন দুজন।

তৃতীয় উইকেটে ২১১ বলে ১১৮ রানের জুটিতে দলকে এগিয়ে নেন মামুন ও প্রিতম। ৮২ বলে ৬৩ রান করে ফেরেন প্রিতম।

এরপর আকবরের সঙ্গে ১৬১ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন মামুন। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় শতক থেকে আর ১৩ রান দূরে বাঁহাতি এই ব্যাটসম্যান। 

সংক্ষিপ্ত স্কোর

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২১৯ 

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন ২৪২/৯) ৯৪.২ ওভারে ২৪৩ (মইন ৩৫, আল আমিন ৭*; নাহিদুল ২৭-৬-৬১-৩, ইয়াসিন ১৯.২-৪-৪৭-৪, এনামুল ১৩-১-৩৯-২, মুরাদ ২৩-৭-৫৭-০, মামুন ৬-৪-৬-০, আমিনুল ৬-০-২৫-১) 

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৮১ ওভারে ২৭৭/৩ (আইচ ২২, সাব্বির ২৫, মামুন ৮৭*, প্রিতম ৬৩, আকবর ৬২*; সুমন ১৫-৪-৪৫-০, কামরুল ১৭-১-৬০-৩, মেহেদি ২৯-৯-৭৮-০, মইন ১৩-২-৪০-০, তানবীর ৫-০-২৫-০, ফজলে মাহমুদ ২-০-১৪-০)