বাংলাদেশের সাদামাটা উদযাপনের পেছনের ভাবনা
ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের পরও তেমন কোনো উদযাপন করেনি নিগার সুলতানার দল।
জয়সূচক রান নেওয়ার পথে হাওয়ায় হাত ছুড়লেন রিতু মণি। রান পূর্ণ করে তার দিকে ছুটলেন নাহিদা আক্তার। ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের উদযাপন বলতে গেলে এতটুকুই! বাইরে থেকে ছুটে গেলেন না কেউ, এগিয়ে গেলেন না স্মারক হিসেবে স্টাম্প নেওয়ার জন্য। সীমানা দড়ির বাইরে দাঁড়িয়ে কেবল হাততালি দিলেন সবাই।
পরে অধিনায়ক নিগার সুলতানা বললেন, ভবিষ্যতের জন্য তারা তুলে রেখেছেন উদযাপন। ওয়ানডে সিরিজে আরও ভালো করে উদযাপন করতে চান এক সঙ্গে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা। জয়ের খুশির চেয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তি বেশি। হয়তো এর চেয়েও বেশি সিরিজ জেতার সুযোগ হাতছাড়ার আক্ষেপ।
দ্বিতীয় ম্যাচে যে ভারতকে ৯৫ রানে আটকে রেখেও জিততে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৫ উইকেট হাতে নিয়ে শেষ ৮ বলে ১০ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা, হেরে যায় ৮ রানে। তৃতীয় ম্যাচে জয়ের পর সেই হারের আক্ষেপ যেন ফিরে এলো বড় হয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মলনে অধিনায়ক নিগারের কণ্ঠেও সেই সুর।
“আপনাদের আক্ষেপ কতটা চিন্তা করেন, আমাদের আক্ষেপ এর তিন গুণ বেশি। আমার মনে হয়, গত ম্যাচের চেয়ে আজ ভালো ব্যাটিং করেছি। বোলাররা তো নিয়মিত ভালো বোলিং করছেই। গত ম্যাচেও যে আমরা খারাপ ব্যাটিং করেছি, তা না। আমি যেখানে আউট হয়েছি, আমার ভুলের জন্যই ম্যাচটা হেরেছি। আমি মনে করি, যে লম্বা সময় ধরে উইকেটে থাকে, যার ব্যাটে-বলে হয়, তারই শেষ করে আসা উচিত।”
“আমি বলব, আমাদের জুটি গড়ার ক্ষেত্রেও একটা ঘাটতি ছিল (গত ম্যাচে)। আজ মিডল অর্ডারে আমি আর শামিমা (সুলতানা) একটা জুটি গড়েছি বা পরে যে শামিমা লম্বা সময় ধরে খেলেছে, ওই জিনিসটা যদি আমরা দ্বিতীয় ম্যাচে করতে পারতাম, তাহলে ভালো হতো। আজ আমাদের মনে হয়েছে, আমরা বেটার ক্রিকেট খেলেছি।”
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটি তৃতীয় জয়, ২০১৮ সালের পর প্রথম। তবে জয়ের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে ২-১ ব্যবধানে সিরিজ হারে। বাংলাদেশ অধিনায়ক দৃঢ় কণ্ঠে বললেন, ওয়ানডেতে সিরিজে ভালো করে উদযাপন করতে চান।
“অবশ্যই (এই জয়ে) অনেক খুশি। আপনারা যদি লক্ষ্য করেন, ভারতের সঙ্গে সব সময় আমাদের ম্যাচ ক্লোজ হয়। আমরা মনে করি, আরেকটু ভালো খেললে সিরিজ আমাদের হতো। দ্বিতীয়ত, অনেক (কিছু) এখনও বাকি আছে। এর জন্য আসলে ওই রকম উদযাপন তেমন হয়নি। উদযাপনের একটা পরিপূর্ণতা তো আছে। আমরা চাই, সামনে যে সংস্করণ আসছে সেখানে ভালো করে ওইভাবে উদযাপন করব।”
“আমার মনে হয়, (আজ) আমরা পজিটিভ ক্রিকেট খেলেছি। যেটা আমাদের দলের জন্য অনেক বড় ‘বুস্ট আপ’ হিসেবে কাজ করবে। সামনে যে সংস্করণ আছে, সেটা আমরা মোটামুটি ভালো খেলি। জয়ের একটা মোমেন্টাম তৈরি হয়েছে। যা আমার মনে হয় দলকে, ওয়ানডেতে ভালো খেলার ব্যাপারে অনুপ্রাণিত করবে।”
