২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটনের সতীর্থ আফিফ

সারে জাগুয়ার্সের হয়ে খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন আফিফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 02:55 PM

Updated : 30 Jul 2023, 02:55 PM

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি এখন শেষের পথে। এই সময়ে এসেই শুরুর সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন। সারে জাগুয়ার্সের হয়ে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। এখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন তিনি লিটন কুমার দাসকে।

কানাডার এই লিগে খেলার জন্য রোববার বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ। এ দিন বিকেলেই বিমান ধরার কথা তার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটি নিশ্চিত করেছেন।

“গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন আফিফ হোসেন। আজকে তাকে অনুমতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ পুরোটাই খেলে আসবেন তিনি।”

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে আর দুটি ম্যাচ বাকি সারের। তারা প্লে-অফে উঠতে পারলে বাড়বে ম্যাচের সংখ্যা। আপাতত পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে দলটি। 

আগামী ৬ অগাস্ট শেষ হবে গ্লোবাল টি-টোয়েন্টির এবারের আসর। আফিফ ছুটি নিয়েছেন ৮ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন শাহরিয়ার নাফীস। 

এর আগে গত বছরের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন আফিফ। আবুধাবি টি-টেন লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার নতুন অভিযানের অপেক্ষায় বাঁহাতি ব্যাটসম্যান।

গ্লোবাল টি-টোয়েন্টির শুরু থেকেই খেলছেন সাকিব আল হাসান ও লিটন। তবে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে বাকি অংশে আর দেখা যাবে না সাকিবকে। এলপিএল খেলতে শ্রীলঙ্কা যাবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

রোববার শুরু হচ্ছে এলপিএলের চতুর্থ আসর। সাকিবের দল গল টাইটান্সের প্রথম ম্যাচ সোমবার। 

সাকিব ছাড়াও এলপিএলের এবারের আসরে আছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার- মোহাম্মদ মিঠুন (গল), তাওহিদ হৃদয় (জাফনা কিংস), শরিফুল ইসলাম (কলম্বো স্ট্রাইকার্স)।