ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধাক্কা জাতীয় ক্রিকেট লিগে
এর মাঝে কিছুটা খেলা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে।
বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে জাতীয় ক্রিকেট লিগ। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে ঝরছে বৃষ্টি। তাতে ভেসে গেছে প্রায় পুরো দিনই।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয় সোমবার। বৃষ্টির বাধায় সিলেটের দুই ম্যাচে টসই করা সম্ভব হয়নি। যেখানে রংপুর ও সিলেট বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগ মাঠে লড়াইয়ে নামার কথা।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বরিশাল বিভাগ। কিন্তু এক বল হতেই বন্ধ হয়ে যায় খেলা।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে খেলা হয় ২৩.৩ ওভার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৫৪ রান করে ঢাকা।
ঢাকাকে টানছেন আব্দুল মজিদ ও রকিবুল হাসান। ২৬ রানে খেলছেন মজিদ, ১২ রানে রকিবুল।
চট্টগ্রামের হয়ে দুই উইকেটই নিয়েছেন ইয়াসিন আরাফাত।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২৩.৩ ওভারে ৫৪/২ (মজিদ ২৬, রনি ৮, মাহিদুল ১, রকিবুল ১২*; সাইফ ৭.৩-২-১৯-০, ইয়াসিন ৭-২-১৩-২, শরিফ ৫-২-১০-০, মুরাদ ৪-১-৬-০)
