২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ জিতে মন ভরেনি অধিনায়কের, ‘সিরিজ জিতলে ভালো লাগত’

নিউ জিল্যান্ডে কিউইদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জয়ের গর্ব থাকলেও সিরিজ জিততে না পারার যন্ত্রণাও পোড়াচ্ছে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ককে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 12:07 PM

Updated : 23 Dec 2023, 04:17 PM

একটি সময় ছিল, স্রেফ একটি জয় বাংলাদেশের ক্রিকেটে ভুলিয়ে দিত অনেক কিছু। প্রলেপ দিত অনেক যন্ত্রণায়। আড়াল করে দিত অনেক ব্যর্থতা। কিন্তু সেই সময়ের ঘেরাটোপে বন্দি থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। নিউ জিল্যান্ডে বহু কাঙ্ক্ষিত এক জয়ের পর তার গর্ব যেমন আছে, তেমনি এই জয় জাগিয়ে তুলছে তার আফসোসও, সিরিজ জেতাটা যে হলো না! 

সিরিজ জয়ের কাজ প্রথম দুই ম্যাচেই সেরে রেখেছিল নিউ জিল্যান্ড। সেটা খুব অস্বাভাবিকও ছিল না। নিউ জিল্যান্ডে গিয়ে বারবার হেরে ফেরাটাই বাংলাদেশের নিয়মিত চিত্র। 

তবে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে এবার। বাংলাদেশের জন্য যা আনন্দময় ব্যতিক্রম। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথমবার সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে তারা। 

তিন ম্যাচ সিরিজের শেষটিতে শনিবার নিউ জিল্যান্ডকে ৯৮ রানে বিধ্বস্ত করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ২৮ ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটি। 

সিরিজ শুরুর আগে শান্ত দৃঢ় কণ্ঠে বলেছিলেন, অতীতে বাংলাদেশের কোনো দল যা করতে পারেনি, এবার তেমন কিছু করতে চান না। তাদের সেই স্বপ্নের সীমানায় শুধু একটি ম্যাচ জয়ই নয়, ছিল সিরিজ জয়ও। সেই ইতিহাস তারা গড়তে পারেনি। তবে প্রথম ম্যাচ জয়ও তো দারুণ স্মরণীয়। 

তাতে মন ভরেনি শান্তর। সিরিজ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, এই জয়ে স্বস্তি পেলেও তৃপ্তি পাননি তিনি। 

“যদি ইতিহাস চিন্তা করেন, তাহলে অবশ্যই গর্ব করার মতো ফল করেছি। একটা ম্যাচ জিততে পেরেছি। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততেই এসেছিলাম এবং এটা বলার সময় আমি সত্যিকার অর্থেই বুঝিয়েছিলাম। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য আমরা হয়তো কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের বোলিং অপশনগুলো শেষ হয়ে গিয়েছিল।” 

“অবশ্যই আমরা খুশি যে জিততে পেরেছি। তবে সিরিজ জিততে পারলে আরও ভালো লাগত।” 

নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে যেখানে সীমিত ওভারের ক্রিকেটে একটি জয়ই ছিল অধরা, সেখানে সিরিজ জয়ের আশাকে বাড়াবাড়ি বা অলীক কল্পনাও মনে হতে পারে কারও। তবে শান্তর দাবি, অবাস্তব কোনো ভাবনা তার ছিল না। বরং দলের মানসিকতা, নিজেদের সামর্থ্যে প্রবল বিশ্বাস আর প্রস্তুতি থেকেই সিরিজ জয়ের আশা জেগেছিল তার। 

“আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, খেলা শুরুর আগে আমাদের কাজটা কী… আমাদের প্রস্তুতি, কাজের প্রতি আমরা কতটা সৎ, আমরা কী করতে চাই, এসব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা যে, আমরা কতটুকু বিশ্বাস করছি। দল হিসেবে আমার খুবই বিশ্বাস যে এই দল আরও ভালো করতে পারে। আমার কাছে সবসময়ই গ্রুপটাকে দেখে মনে হয়েছে যে, এই গ্রুপের ওই ক্ষুধাটা আছে যে এখানে এসে ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি।” 

ইতিহাস গড়ার সুযোগ অবশ্য এখনই শেষ হয়ে যায়নি শান্তদের এবারের সফরে। নিউ জিল্যান্ডে ১১টি টি-টোয়েন্টি খেলে এখনও জিততে পারেনি বাংলাদেশ। সেখানেও প্রথম জয়, প্রথম সিরিজ জয়ের হাতছানি তো আছেই! 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী বুধবার এই নেপিয়ারেই। পরের দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর।