২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার নানা দিক ‘খতিয়ে দেখছে’ পাকিস্তান সরকার

চলমান বিতর্ক নিয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলো পাকিস্তান সরকারের পক্ষ থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 01:36 PM

Updated : 23 Jun 2023, 01:36 PM

ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ভারতে যাবে কি না, সেটির সম্ভাব্য সব পরিপ্রেক্ষিত খতিয়ে দেখছে দেশটির সরকার। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে পাকিস্তানের খেলতে যাওয়া নির্ভর করছে সরকারের অনুমতির ওপরই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি অবশ্য আগেই বলেছেন, সরকারের অনুমতি ছাড়া বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে আইসিসিকে জানিয়ে দিয়েছেন তারা। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমেও উঠে এসেছে তা। তবে পাকিস্তান সরকার এটা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করল এই প্রথম।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি কথা বলেন ক্রিকেটের এই চলমান বিষয় নিয়েও।

“ক্রিকেটের ব্যাপারে, পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এটাই যে খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিৎ নয়। পাকিস্তানে খেলতে না আসার ভারতের যে নীতি, তা হতাশাজনক। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের ক্ষেত্রে ক্রিকেটারদের নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য সবকিছু আমরা পর্যবেক্ষণ করছি ও খতিয়ে দেখছি। আমাদের মতামত আমরা সময়মতোই জানিয়ে দেব পিসিবিকে।”

পাকিস্তানকে নিয়ে অনিশ্চয়তার কারণেই এখন বিশ্বকাপের সূচি ঘোষণা করা নিয়ে বিলম্ব হচ্ছে। টুর্নামেন্টের খসড়া সূচি সবগুলো দেশের বোর্ডের কাছে পাঠানো হয়েছে। তবে আইসিসিকে পিসিবি জানিয়ে দিয়েছে, সরকারের অনুমোদন ছাড়া তারা চূড়ান্ত কিছু জানাতে পারবে না।

রাজনৈতিক বৈরিতার কারণে এই দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক থমকে আছে অনেক দিন ধরে। ১০ বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজে তারা মুখোমুখি হয় না। কেবল আইসিসি ও এসিসি আসরগুলোতেই তাদের লড়াই দেখা যায়।

এবার এশিয়া কাপ নিয়েও ছিল চরম অনিশ্চয়তা। টুর্নামেন্টের স্বাগতিক এবার পাকিস্তান হলেও সেখানে কোনোভাবেই দল পাঠাতে রাজি হয়নি ভারত। অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ‘হাইব্রিড’ পদ্ধতির টুর্নামেন্ট আয়োজনে সিদ্ধান্ত হয়েছে, যেখানে পাকিস্তানে হবে স্রেফ ৪টি ম্যাচ, বাকিগুলো শ্রীলঙ্কায়। পাকিস্তানের বিপক্ষে ম্য্যাচগুলিসহ ভারত তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

ভারতে ২০১৬ বিশ্বকাপের আগেও পাকিস্তানে যাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে ভারতীয় সরকারের নিশ্চয়তা না পেলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত তারা রাজি হয় ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তনের শর্তে। নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে কলকাতায় নেওয়া হয়।

এবার খসড়া সূচিতে দুটি পরিবর্তন আনার দাবি তারা জানিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। খসড়া সূচি অনুযায়ী ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে খেলবে পাকিস্তান, ২৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে। পাকিস্তানের বোর্ডের চাওয়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ে খেলতে, আফগানদের বিপক্ষে বেঙ্গালুরুতে। ভেন্যুর পরিবর্তন হলে ওই দুই ম্যাচে পাকিস্তান ‘ফেভারিট’ হয়ে মাঠে নামতে পারবে বলে বিশ্বাস পিসিবি কর্তাদের। 

তবে পাকিস্তানের সেই অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে বলেও খবর এসেছে সংবাদমাধ্যমে। সাধারণত নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর পরিবর্তন করে থাকেন আইসিসি। কিন্তু পাকিস্তানের বোর্ডের চিঠিতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যার কথা উল্লেখ ছিল না।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত যেটাই হোক, পাকিস্তান সরকার ও পিসিবির হাতে সময় বেশি নেই। এমনিতে বিশ্বকাপের প্রায় ১ বছর আগে সূচি ঘোষণা করা হলেও এবার এখনও করা সম্ভব হয়নি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে প্রচুর। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে আগামী মঙ্গলবার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চায় আইসিসি।