২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ট্রেনিংয়ের অত ভিডিও পোস্ট করি না : সাকিব

প্রস্তুতি নেওয়া বা অনুশীলন নিজের মতো করে আড়ালে থেকে করেন বলে জানালেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 10:01 PM

Updated : 22 Aug 2022, 10:52 PM

ম্যাচ খেলার আগে প্রস্তুতি খুব বেশি লাগে না সাকিব আল হাসানের, এরকম একটি ধারণা আছে বাংলাদেশের ক্রিকেট আঙিনায়। অনেক সময়ই ট্রেনিংয়ে তিনি বেশি সময় কাটান না, সহজাত সামর্থ্য দিয়ে পারফর্ম করেন বলেই মত অনেকের। এবার সেই ধারণা উড়িয়ে দিলেন তিনি নিজেই।

এই দফায় টি-টোয়েন্টি নেতৃত্ব পাওয়ার পর সাকিবের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল সোমবার। সেখানে তার অনুশীলন প্রসঙ্গে উদাহরণ হয়ে এলো নানা সময়ের ঘটনা। অনেক সময়ই দেখা গেছে, দলের অনুশীলনে তিনি হয়তো খুব বেশি কিছু করেননি, ঐচ্ছিক অনুশীলনে তো তাকে দেখা যায় কম সময়ই। কিন্তু ম্যাচে ঠিকই পারফর্ম করেন।

সাকিব হেসে বললেন, তিনি প্রস্তুতি নেন নিজের মতো করেই। তবে তার প্রস্তুতির অনেকটা অংশ চলে নিজের ভুবনে।

“অল্প প্রস্তুতি (নেই) আমি কখনো বলব না। আমার কাছে মনে হয় যতটুকু প্রস্তুতি দরকার, অতটুকু নেই। যেটা হয়ে যে, আমি মিরপুর এসে তিনদিন ট্রেনিং করেছি, তার মানে কিন্তু এই না যে আমি তিনদিনই ট্রেনিং করেছি। হয়তো এর আগে আরও ১০ দিন ট্রেনিং করেছি, মিরপুর আসিনি। যেহেতু আপনারা (সংবাদকর্মীরা) মিরপুরে থাকেন, আমি নিশ্চিত মিরপুরের বাইরে আপনারা দেখতে পাবেন না।”

“আর আমি অত ভিডিও-টিডিও পোস্ট করি না। তো স্বাভাবিকভাবে কেউ জানে না আমি কোনো ট্রেনিং করছি কী করছি না। এটা বলা কঠিন।”

সাকিবের মতে, অনুশীলনের ব্যাপারটি পুরোপুরি আপেক্ষিক। একেকজনের অনুশীলনের ধরন একেকরকম হওয়াই স্বাভাবিক তার কাছে।

“আমি নিশ্চিত, সবাই তার জায়গা থেকে চেষ্টা করে সম্ভাব্য সেরা অবস্থায় থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে। ট্রেনিংয়ে কারও সময় বেশি লাগলে দোষের কিছু নেই, কম লাগলেও নেই। এটা গুরুত্বপূর্ণ যে ওই ক্রিকেটার নিজে বুঝতে পারছে কিনা যে, তার কতটুকু অনুশীলন দরকার।”