১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ভীষণ দামী’ বুমরাহয় ফের মুগ্ধ আকাশ

জাসপ্রিত বুমরাহর পাশাপাশি দলের অন্য বোলারদেরও প্রশংসা করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান।

‘ভীষণ দামী’ বুমরাহয় ফের মুগ্ধ আকাশ

উইকট উদযাপন করছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 06:51 PM

Updated : 16 Sep 2026, 06:51 PM

জাসপ্রতি বুমরাহ যেন মুগ্ধতার প্রতিশব্দ। সবার স্তুতির জোয়ারে তাকে প্রায়ই ভাসতে দেখা যায়। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্স আরও একবার মন জয় করে নিয়েছে আকাশ চোপড়ার। ভারতীয় তারকা পেসারকে খুব দামী মনে করেন দেশটির সাবেক ব্যাটসম্যান।

বাঁ হাঁটুর চোটে গত জুলাইয়ে মাঠের বাইরে ছিটকে যান বুমরাহ। সেই সমস্যা কাটিয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরেন তিনি। অনেক দিন পর ফিরলেও, তার পারফরম্যান্সে এর ছাপ খুব একটা পড়েনি। অন্তত পরিসংখ্যান তাই বলছে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে কেবল ২৬ রান দেন বুমরাহ। ম্যাচের দ্বিতীয় বলে প্রতিপক্ষের বিস্ফোরক ব্যাটসম্যান রাহমানউল্লাহ গুরবাজকে ড্রেসিং রুমে ফেরত পাঠান তিনি। এরপর অবশ্য আর উইকেট পাননি।

দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে নিজেকে মেলে ধরেন তিনি। একটি মেডেন ওভারসহ দেন কেবল ২৫ রান। এই ম্যাচেও একটি উইকেট নেন অভিজ্ঞ পেসার। এবার নিজের শেষ ওভারে ফেরান মোহাম্মাদ নাবিকে।

প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয়টিতে জ্বলে ওঠেন নিতিশ কুমার রেড্ডি। ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে বুমরাহ-নিতিশের পাশাপাশি অন্য বোলারদেরও প্রশংসা করেন আকাশ।

“ভারতের সমস্যা কী ছিল? সমস্যাটা ছিল, পঞ্চম বোলার কী করবে, কীভাবে বোলিং করবে এবং সে উইকেট নিতে পারবে কিনা, এসব। সবকিছু যেভাবে এগোচ্ছে এতে আমি বেশ খুশি। চার ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরাহ। সে সোনার মতো। যখনই তাকে বোলিংয়ে আনা হয়, সে একইভাবে বোলিং করে। আর্শদিপ সিং দারুণ একটি সিরিজ কাটাচ্ছে- চার ওভারে ৩৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছে।

“আকসার প্যাটেল চার ওভারে ২৮ রান দিয়েছে। আরও একবার সে নির্ভরযোগ্য বোলিং করেছে। রাভি বিষ্ণই ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছে। নিতিশ কুমার রেড্ডি তিন ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছে। এমনকি তাকে দিয়ে ২০তম ওভারও করানো হয়েছে। নিতিশ কুমার রেড্ডি আপনার প্রত্যাশা কিছুটা বাড়িয়ে দিয়েছে। হার্দিক পান্ডিয়ার পর কে- এই প্রশ্নের জবাবে সে নিজেকে তৈরি করছে।”

আফগানদের প্রথম দুই ম্যাচ হারিয়ে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লড়বে দল দুটি।

আফগানিস্তান সিরিজের পর এই দল নিয়েই এশিয়ান গেমস খেলতে যাবে ভারত।