রোমাঞ্চকর জয়ের পর ভারতের শাস্তি
মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে শিখর ধাওয়ানদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উত্তেজনা ছড়ানো প্রথম ওয়ানডে জয়ের পর শাস্তি পেতে হলো ভারতকে। মন্থর ওভার রেটের জন্য দলটির ক্রিকেটারদের করা হলো জরিমানা।
গত শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ রানে জিতে ওয়ানডে সিরিজে এগিয়ে যায় ভারত। দলটিকে শাস্তি দেওয়ার কথা ম্যাচের ২ দিন পর রোববার বিবৃতিতে জানায় আইসিসি। এদিন দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল।
ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে ভারত। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করায় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়।
ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করে নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের নেতৃত্ব পাওয়া শিখর ধাওয়ান। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
