ছক্কার চেষ্টায় ২৮২ রানে থামলেন নাঈম
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিকে অল্পের জন্য ট্রিপল সেঞ্চুরিতে নিতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ।
প্রায় নিখুঁত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিকে আড়াইশতে নিয়ে গেলেন মোহাম্মদ নাঈম শেখ। ছন্দ ধরে রেখে এগিয়ে গেলেন ট্রিপল সেঞ্চুরির কাছে। এরপর হঠাৎই যেন মনোযোগে বিচ্যুতি। রহিম আহমেদের অফ স্পিন ছক্কায় ওড়াতে গিয়ে উল্টো বিলিয়ে দিলেন উইকেট।
ডিপ পয়েন্টে নাঈম আহমেদ ক্যাচ নিতেই হতাশায় মাথা নিচু করে ফেললেন নাঈম শেখ। পরক্ষণেই তার কাছে এসে অভিনন্দন জানাতে শুরু করলেন রাজশাহীর ক্রিকেটাররা। ট্রিপল সেঞ্চুরি না পেলেও চলতি জাতীয় লিগে সর্বোচ্চ ইনিংসটিই যে খেললেন ঢাকার বাঁহাতি ওপেনার।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চমৎকার ব্যাটিংয়ে ২৮২ রানের ইনিংস খেলেন নাঈম। প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগের ৪৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সর্বোচ্চ ছিল ১৮০ রান। এবার ৪৬তম ম্যাচে এসে ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামলেন অল্পের জন্য।
সব মিলিয়ে চলতি জাতীয় লিগে নাঈমের এটি তৃতীয় সেঞ্চুরি। আগের দুই রাউন্ডে তিনি খেলেন ১৩৭ ও ১৩৫ রানের ইনিংস। এবার এক ইনিংসেই আগের দুই সেঞ্চুরির সম্মিলিত রানের চেয়েও বেশি রান করলেন ২৭ বছর বয়সী ওপেনার।
ডাবল সেঞ্চুরি ছোঁয়ার কাজটা প্রথম দিনই অনেকটা এগিয়ে রাখেন নাঈম। দুর্দান্ত ব্যাটিংয়ে শনিবার ১৪ চার ও ৮ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১৭১ রানে। নতুন দিনে দুইশতে পৌঁছাতে বেশি সময় নেননি। মধ্যাহ্ন বিরতির আগেই ডাবল সেঞ্চুরির আনন্দে মাতেন তিনি।
অন্য প্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ সঙ্গ দিলে ইতিবাচক ব্যাটিং করতে থাকেন নাঈম। পরের ৫০ রান করতে তিনি খেলেন ৬১ বল। এরপর এসএম মেহেরব হাসানের পরপর দুই বলে মারেন চার ও ছক্কা।
ততক্ষণে দৃষ্টিসীমানায় চলে আসে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাই তাড়াহুড়ো না করে এক-দুই রান নিয়ে এগোতে থাকেন নাঈম। তবে রহিমের ঝুলিয়ে দেওয়া ডেলিভারির ফাঁদে পড়ে শেষ হয়ে যায় বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিনশ করার সম্ভাবনা।
