ক্রিকেটে ফিরতে না পারার ভয়ে ছিলেন স্টোকস
একটা সময় ক্রিকেটের উপর বিরক্তিভাব জন্মেছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের।
মানসিক অবসাদ ভেঙে দিতে পারে যে কারো মনোবল। ক্লান্ত হয়ে বেন স্টোকস যেমন মেনে নিয়েছিলেন হার। লম্বা সময়ের জন্য নিয়েছিলেন ক্রিকেট থেকে বিরতি। মানসিকভাবে তখন এতটাই বিপর্যস্ত ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার যে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন কিনা, এই ভয় বাসা বেঁধেছিল তার মনে।
ভেঙে পড়ছেন, বুঝতে পারছিলেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি মনোযোগ দিতে তাই গত বছরের জুলাইয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেন তিনি। পাঁচ মাস পর অ্যাশেজ সিরিজ দিয়ে আবার ফেরেন ইংল্যান্ড দলে। গত এপ্রিলে তাকে দেওয়া হয় টেস্ট দলের নেতৃত্ব।
ব্যক্তিগত জীবনের নানা ঘটনার প্রভাব ছিল স্টোকসের বিরতিতে যাওয়ার পেছনে। গত ডিসেম্বরে বাবাকে হারানোর পর পুরোপুরিই ভেঙে পড়েন তিনি। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা জেড স্টোকস।
এরপর বেশ কয়েকবার প্যানিক অ্যাটাকের শিকার হন স্টোকস। তখনই গুরুত্ব দেন তিনি মানসিক স্বাস্থ্যের। মঙ্গলবার বিবিসির সঙ্গে আলাপচারিতায় বিরতি নেওয়ার আগের সময়ের কথা তুলে ধরেন তিনি।
“এটা কেবল দুই সপ্তাহ কিংবা দুই মাসে তৈরি ঘটনা ছিল না। অনেক লম্বা সময় ধরে সমস্যাটা তৈরি হয়েছিল, সম্ভবত তিন কিংবা চার বছরের। বিষয়টি এমন যে, আমি যেন একটি কাচের বোতলে আমার আবেগগুলো জমা করছিলাম। শেষ পর্যন্ত সেটা পূর্ণ হয়ে বিস্ফোরিত হয়েছিল।”
অ্যামাজনের ডকুমেন্টারি ‘বেন স্টোকস: ফিনিক্স ফ্রম দা অ্যাশেজ’-এ মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিশদভাবে তুলে ধরেন স্টোকস। আগামী শুক্রবার এটি প্রকাশিত হবে।
সেখানে স্টোকসকে নিয়ে কথা বলেছেন সাবেক ও বর্তমান ইংলিশ ক্রিকেটাররা। গত মে মাসে প্রকাশিত ট্রেলারে অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড বলেন, স্টোকস হয়তো আর কখনও ক্রিকেট নাও খেলতে পারতো।
তেমন শঙ্কা সত্যিই ছিল কিনা, এমন প্রশ্নের উত্তরে স্টোকস বলেন, “ওই সময়, হ্যাঁ। তখন আমি ওইরকম অবস্থায় ছিলাম।”
তবে ব্রডের সঙ্গে এসব নিয়ে কোনো কথা হয়নি বলে জানান ইংলিশ অলরাউন্ডার।
“বিরতিতে থাকার সময় এই বিষয়ে স্টুয়ার্টের (ব্রড) সঙ্গে কখনও কথা বলিনি। ওই সময় তার সঙ্গে অনেক কথা হতো, তবে সেগুলো ছিল সাধারণ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ কিছু না। আমি তাকে কখনও এটা বলিনি যে, আমি আবার খেলতে পারব না। কিন্তু সত্যি কথা বলতে, তার সেই অনুভূতি আমার চোখ খুলে দিয়েছিল…সবকিছু খুব খারাপ ছিল।”
ক্রিকেটে ফিরলেও তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়া স্টোকসের পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই গত মাসে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দেন ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক।
টেলিগ্রাফকে স্টোকস সোমবার বলেন, একটা সময় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বেশ বাজে হয়ে যায় তার। খেলাটির উপর যেন বিরক্ত হয়ে ওঠেন তিনি। মূলত বাবার মৃত্যুর পর এমন অনুভূতি হয়। খুব করে চেয়েও যে বাবার সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেননি।
মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ, ভালো করেই জানা স্টোকসের। নিজের মধ্যে থাকা দুশ্চিন্তা-উদ্বেগ নিয়ে এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। এটা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করার কথাও বলেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
“মাঝেমধ্যে লোকে এই বিষয় নিয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে কিছুটা দ্বিধায় ভোগে। মানুষ মনে করে, ভোগান্তিতে আছে এমন লোকদের এ বিষয়ে জিজ্ঞাসা করা ঠিক হবে না। আমার কাছে অবশ্য এটা কোনো সমস্যা নয়। আমি আনন্দের সঙ্গে যতটা সম্ভব বলব।”
