২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বাঁচানোর ম‍্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামের খেলতে কোনো বাধা নেই।

সিরিজ বাঁচানোর ম‍্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ

মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2022, 11:09 PM

Updated : 06 Aug 2022, 11:19 PM

হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের জন‍্য বড় ধাক্কা হয়ে এসেছে চোট সমস‍্যা। সিরিজ বাঁচানোর ম‍্যাচ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। তবে সুখবরও পেয়েছে সফরকারীরা, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে বাধা নেই মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামের।

৫ উইকেটে হেরে যাওয়া প্রথম ম‍্যাচে চোট পেয়ে তিন থেকে চার সপ্তাহের জন‍্য ছিটকে গেছেন লিটন দাস। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন নুরুল হাসান সোহান। এই দুই জনের জায়গায় বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও পেসার ইবাদত হোসেনকে দলে ডেকেছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার হবে দ্বিতীয় ওয়ানডে। এর আগেই সেখানে দলের সঙ্গে যোগ দেবেন নাঈম ও ইবাদত।

প্রথম ওয়ানডেতে খেলার সময় চোটের কারণে বোলিং পুরো শেষ না করেই মাঠ ছাড়েন বাঁহাতি পেসার শরিফুল। এই ম‍্যাচেই ব‍্যাটিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিক। শনিবার বাংলাদেশের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানালেন, গুরুতর নয় এই দুই জনের চোট।

“আজকে মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের চোট পরিস্থিতি পরীক্ষা করাতে গিয়েছিলাম। মুশফিক ভাইয়ের হাতে আমরা কোনো চিড় পাইনি। শরিফুলেরও আমরা বড় ধরনের কোনো কিছু পাইনি।”

“মুস্তাফিজ ভাইয়ের এমআরআইতেও খুব খারাপ কিছু আসেনি। জয়েন্টে সমস‍্যা ধরা পড়েছে। কালকের ম‍্যাচে মুশফিক ভাই ও শরিফুল ভাই দুই জনই অ‍্যাভেইলেবল আছেন। আমরা মুস্তাফিজ ভাইকে হয়তো পরের ম‍্যাচটায় বিশ্রাম দেব। এর পরবর্তী ম‍্যাচে তিনি অ‍্যাভেইলেবল থাকবেন।”

প্রথম ম‍্যাচে হেরে ২০১৩ সালের পর প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার শঙ্কায় বাংলাদেশ।