ভারতের মতো ওভালেও স্পিনাররা সহায়তা পাবে, মত স্মিথের
রোমাঞ্চকর একটি লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।
ইংলিশ কন্ডিশন ও উইকেট সবসময়ই পেসারদের জন্য সহায়ক। শুরুর কঠিন সময় পার করে দিতে পারলে ব্যাটিং করাও হয়ে ওঠে সহজ। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওইরকম কিছুরই আশায় আছেন স্টিভেন স্মিথ। তবে ফাইনালের ভেন্যু ওভালে স্পিনাররাও সহায়তা পাবেন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ। প্রথম চক্রের (২০১৯-২১) ফাইনালেও খেলেছিল ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে রানার্স আপ হয় উপমহাদেশের দলটি।
আসছে ফাইনালের দলে দুই অফ স্পিনার ন্যাথান লায়ন ও টড মার্ফিকে রেখেছে অস্ট্রেলিয়া। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের।
ভারতের মাটিতে সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে এই দুই স্পিনারই গুঁড়িয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে স্বাগতিকরা। সিরিজে সর্বোচ্চ ২৫ উইকেট নেন অশ্বিন। জাদেজার প্রাপ্তি ছিল ২২ উইকেট।
ভারতের মতো ওইরকম ভয়ঙ্কর না হলেও, স্পিনাররা ওভালেও সহায়তা পাবেন বলে ধারণা স্মিথের। ক্রিকেট অস্ট্রেলিয়ায় বুধবার এই ভেন্যুকে ব্যাটিংয়ের জন্য দারুণ বলেন তিনি।
“ওভালের উইকেটে মাঝেমধ্যে স্পিন দেখা যেতে পারে, বিশেষ করে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে। তাই ভারতে যেমনটা (স্পিনারদের দাপট) হয়েছিল, এখানে ম্যাচের নির্দিষ্ট পর্যায়ে ওইরকম কিছুর মুখোমুখি হতে পারি আমরা।”
“তবে ক্রিকেট খেলার জন্য দা ওভাল চমৎকার একটি জায়গা। বিদ্যুতের মতো গতিময় আউটফিল্ড…ব্যাটিং করার জন্য দারুণ জায়গা। উইকেটে বেশ ভালো পেস ও বাউন্স রয়েছে।”
সাদা পোশাকের ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়াতে টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন শুরু করে আইসিসি। ২ বছরের চক্র শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল।
এবারের চক্রে ১৯ ম্যাচে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ১৮ ম্যাচে ভারতের পয়েন্টের হার ৫৮.৮০। প্যাট কামিন্সের নেতৃত্বে এবার শেষটা জয়ে রাঙাতে মুখিয়ে আছে দল, বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ।
“টেস্ট চ্যাম্পিয়নশিপ দারুণ একটি উদ্যোগ। এটা আমাদের খেলা সব ম্যাচগুলোকে আরও অর্থবহ করে তোলে। শীর্ষে থাকতে পারা এবং ফাইনালে ভারতের মুখোমুখি হওয়া আমাদের জন্য অসম্ভব রোমাঞ্চের।”
“আমি নিশ্চিত সেখানে প্রচুর দর্শক থাকবে, সম্ভবত অস্ট্রেলিয়া চেয়ে ভারতের বেশি। তবে আমি নিশ্চিত দারুণ একটা লড়াই হবে এবং ছেলেরা এর জন্য মুখিয়ে আছে।”
