সালমানের পরিবারকে অনলাইনে পাকিস্তানি সমর্থকদের ‘আক্রমণ’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তান অধিনায়কের স্ত্রী সাব্বা মানজির।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ে জ্বলে ওঠা আগুনের আঁচ লেগেছে সালমান আলি আগার পরিবারেও। সামাজিক মাধ্যমে অপ্রীতিকর আচরণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তান অধিনায়কের স্ত্রী সাব্বা মানজির।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মঙ্গলবার পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে সবার আগে সেমি-ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। আর এই পরাজয়ে শেষ চারে পাকিস্তানের খেলার পথ হয়ে উঠেছে বন্ধুর।
পাল্লেকেলেতে ইংলিশের বিপক্ষে হারের পর পাকিস্তান দলকে তুলাধুনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। প্রশ্ন তোলা হচ্ছে সালমানের অধিনায়কত্ব নিয়েও।
এসবের মাঝেই ইনস্টাগ্রামে এক পোস্ট করে নিজের ও ছেলের পাকিস্তানি সমর্থকদের দ্বারা অপ্রীতিকর আচরণের শিকার হওয়ার অভিযোগ করেন সালমানের স্ত্রী।
“আমাকে বা আমার নির্দোষ সন্তানকে বাজে কথা বলা তোমাদের বিশ্বকাপ জেতাবে না, পাকিস্তানি সমর্থকেরা।”
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সাহিবজাদা ফারহানের ফিফটিতে কোনোমতে ১৬৪ রান করতে পারে পাকিস্তান। ব্যাট হাতে স্রেফ পাঁচ রান করে আউট হন সালমান। আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেই ১২ রানের বেশি করতে পেরেছেন তিনি, নামিবিয়ার বিপক্ষে ৩৮।
রান তাড়ায় হ্যারি ব্রুকের চমৎকার সেঞ্চুরিতে পাঁচ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছিল তারা। এরপর সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে এই পরাজয়ে সালমানদের রীতিমতো শূলে চড়ানো হচ্ছে।
সুপার এইটে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই এখন শেষ চারে খেলতে আগামী শনিবারের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই তাদের, সঙ্গে অন্য দলের পারফরম্যান্সের উপরও নির্ভর করতে হবে তাদের।
