২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ম্যাচে ৬২ রান, বাটলারের হলো কী

টানা পাঁচ ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হয়েছেন অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যান।

৭ ম্যাচে ৬২ রান, বাটলারের হলো কী
ব্যাট হাতে ২২ গজে খুব বাজে সময় কাটছে জস বাটলারের। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 08:40 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

০, ২, ৭, ৩, ৩- এসব কোনো টেলিফোন ডিজিট নয়, জস বাটলারের সবশেষ পাঁচ ম্যাচের রান! ব্যাট হাতে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যানের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, কিন্তু পাচ্ছেন না বড় ইনিংসের দেখা। 

এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি তো বহু দূরের কথা, এখন পর্যন্ত কোনো ম্যাচে ত্রিশও ছুঁতে পারেননি বাটলার। সাত ইনিংসে রান মোটে ৬২। তার মানের ব্যাটসম্যানের নামের পাশে যা বড্ড বেমানান।

আসরে প্রথম দুই ম্যাচে ভালো শুরু পেয়ে এই ওপেনার আউট হয়ে যান ২৬ ও ২১ রানে। পরের পাঁচ ম্যাচে আর দুই অঙ্কেই যেতে পারেননি। আর এই পাঁচ ম্যাচে একটি বাউন্ডারিও মারতে পারেননি তিনি। 

সুপার এইটে শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় দুই বল খেলে শূন্য রানে আউট হন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ফাস্ট বোলার লকি ফার্গুসনের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে খোঁচা দিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি। 

এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সবশেষ ১৪ ইনিংসে কোনো ফিফটি নেই বাটলারের। আন্তর্জাতিক ক্রিকেটের সাদা বলের দুই সংস্করণ ও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি মিলে সবশেষ ২৪ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি- ডারবান’স সুপার জায়ান্টসের হয়ে অপরাজিত ৯৭।

বড় ইনিংসের দেখা পাচ্ছেন না বাটলার। ছবি: রয়টার্স

বড় ইনিংসের দেখা পাচ্ছেন না বাটলার

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ- ইংল্যান্ডের সবশেষ চারটি আইসিসি টুর্নামেন্টে ২৬ ইনিংসে বাটলার পঞ্চাশ ছুঁতে পেরেছেন কেবল একবার; ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ৮৩।

সাদা বলে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন বাটলারের এমন বাজে ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে অনেক। বারবার ব্যর্থতার পরও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন উঠছে।

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে অতিরিক্ত টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন বেন ডাকেট। সেমি-ফাইনালে তারা পরিবর্তন আনলে এই বাঁহাতি ব্যাটসম্যান ইনিংস শুরু করতে পারেন। তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে বিদায়ের পর, বাটলারের জায়গায় অধিনায়কত্ব পাওয়া হ্যারি ব্রুক নিউ জিল্যান্ড ম্যাচের পর অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখার কথা বললেন। 

“জসকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে। সেদিন আমি বলেছিলাম, ইংল্যান্ডের হয়ে (টি-টোয়েন্টিতে) তিনি ১৫০ (১৫৪) ম্যাচ খেলেছেন। মানুষের তাই অল্প দিনের জন্য হলেও কথা বলা বন্ধ করা উচিত। তিনি সম্ভবত এই খেলায় সাদা বলের সেরা খেলোয়াড়।”

“কিছুটা ছন্দহীনতায় ভুগছেন তিনি। তবে আমার মনে হয়, পরের দুটি ম্যাচে তিনি কী করতে পারেন, তা দেখাটা বিশ্বের সকলের জন্যই হবে রোমাঞ্চকর। স্পষ্টতই তার (রানের) ক্ষুধা বাড়ছে এবং মাঠে নেমে সবাইকে দেখাতে চান যে, তিনি কী করতে পারেন… আমার কোনো সংশয় নেই, তিনি মাঠে নেমে ভালো করবেন।”

আসরে সাত ম্যাচের ছয়টিতে জেতা ইংল্যান্ড আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অথবা ভারতের বিপক্ষে খেলবে।