১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাঝের কঠিন সময় পার করে সফল টাকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জয়ী আয়ারল্যান্ডের ভারপ্রাপ্তি অধিনায়ক বললেন, ওমানের স্পিনারদের বিপক্ষে পরিশ্রম করতে হয়েছে তাকে।

মাঝের কঠিন সময় পার করে সফল টাকার
লর্কান টাকার। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 06:18 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

তৃতীয় ওভারে যখন ক্রিজে যান লর্কান টাকার, দুই উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। কিছুক্ষণ পর আবার দ্রুত দুই উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে আয়ারল্যান্ড। কঠিন সেই সময়ে দলের হাল ধরেন টাকার। শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেন রেকর্ড গড়া ইনিংস। দলের জয়ের নায়ক পরে বললেন, মাঝের সময়টা পার করতে পেরেছেন বলেই এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি।

কলম্বোয় শনিবার ওমানের বিপক্ষে ৯৬ রানে জেতে আয়ারল্যান্ড। টাকার, গ্যারেথ ডিল্যানি ও জর্জ ডকরেলের ব্যাটে ২৩৫ রানের পুঁজি গড়ে তারা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ স্কোর, এই সংস্করণে আইরিশদেরও সর্বোচ্চ।

দলকে বিশাল পুঁজি এনে দেওয়ার পথে চারটি ছক্কা ও ১০ চারে ৫১ বলে ৯৪ রান করেন টাকার। যা তার ক্যারিয়ার সেরা। ২০২৩ সালের জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ঠিক ৫১ বলে ৯৪ রানেই অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।

পল স্টার্লিং ছিটকে পড়ায় এই ম্যাচে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেন টাকার। স্টার্লিংকে ছাড়িয়েই আইরিশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ৯১ রান করেছিলেন স্টার্লিং।

এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা টাকার ছাড়া আর কে! টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম এই স্বীকৃতি জিতলেন তিনি। আর দেশের হয়ে টি-টোয়েন্টিতে এর আগে আরও দুইবার হয়েছিলেন ‘ম্যান অব দা ম্যাচ।’ 

প্রথম ১০ ওভারে ৭৯ রান তোলা আয়ারল্যান্ড টাকার ও ডিল্যানির ১০১ রানের জুটিতে শেষ ১০ ওভারে করে ১৫৬ রান। চারটি ছক্কা ও তিনটি চারে ৫৬ রান করে ডিল্যানি। শেষ দিকে ৯ বলে ৫ ছক্কায় ৩৫ রানের ক্যামিও উপহার দেন ডকরেল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাকার বলেন, ওমানের স্পিনারদের খেলতে বেগ পেতে হয়েছে তাকে। কঠিন সময়টা পার করতে পেরেছেন বলেই বড় ইনিংস এসেছে।

“আমাদের ইনিংসটা যেন মিশ্র ধরনের। আমরা অনেক বাউন্ডারি মেরেছি ঠিকই, তবে অনেক উইকেটও হারিয়েছি…স্পিনের বিপক্ষে ব্যাটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। ছন্দ ধরে রেখে বাজে বলগুলোকে বাউন্ডারির বাইরে পাঠানো ছিল আমার মূল লক্ষ্য। মাঝের কঠিন সময়টা পার করার পর ডকরেলকে সঙ্গে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম।”

আসরে প্রথম দুই ম্যাচ হারা আয়ারল্যান্ড তৃতীয় ম্যাচে এসে পেল জয়ের স্বাদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।