১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিস্ফোরক ইনিংসে সাইফার্টের দুইয়ে দুই

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন নিউ জিল্যান্ডের এই ওপেনার।

বিস্ফোরক ইনিংসে সাইফার্টের দুইয়ে দুই
টিম সাইফার্ট। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 08:29 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

পাঁচ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচেই ব্যর্থ হওয়া টিম সাইফার্ট এবার প্রথম দুই ম্যাচে জিতলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

চেন্নাইয়ে মঙ্গলবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ১০ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের ১৭৩ রান তারা পেরিয়ে গেছে ২৮ বল বাকি থাকতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়ায় কোনো উইকেট না হারিয়ে জয়ের রেকর্ড গড়েছে নিউ জিল্যান্ড। এতে বড় ভূমিকা রাখা সাইফার্ট সতীর্থ ওপেনার ফিন অ্যালেনের সঙ্গে গড়েছেন দেশের হয়ে এই সংস্করণে সেরা উদ্বোধনী জুটি, ১৭৫ রানের। টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের এর চেয়ে বড় জুটি আছে কেবল একটি।

৫০ বলে অ্যালেন পাঁচটি করে ছক্কা ও চারে করেন ৮৪ রান। দুইশর বেশি স্ট্রাইক রেটে ৪২ বলে তিন ছক্কা ও ১২ চারে সাইফার্ট করেন ৮৯ রান। 

টি-টোয়েন্টিতে সপ্তমবার ম্যাচ-সেরার পুরস্কার জিতলেন সাইফার্ট, বিশ্বকাপে দ্বিতীয়বার।

আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচেও রেকর্ড (টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়) গড়া জয়ের পথে ৬৫ রান করেন সাইফার্ট। চমৎকার ওই ইনিংসে বিশ্বকাপে প্রথমবার তিনি জেতেন ম্যাচ-সেরার পুরস্কার। 

ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় সাইফার্ট বললেন, এখানে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ। 

“দারুণ শুরু। আমরা সেভাবেই খেলেছি, যেভাবে খেলতে চাই। অ্যালেন ও আমি বোলারদের চাপে রেখেছিলাম। আমরা কেবল মানিয়ে নিতে চেয়েছি। প্রতিটি মাঠই ভিন্ন। মানিয়ে নিতে হবে।”

“আজকের উইকেট খুব ভালো। প্রথম ইনিংসে বল কিছুটা থেমেছিল। তবে সব মিলিয়ে দারুণ উইকেট। এটা টি-টোয়েন্টি ক্রিকেট, সবসময় একইভাবে এগোতে পারবেন না, মূল ব্যাপার হবে মানিয়ে নেওয়া। ফিন খুব ভালো ব্যাট করেছে।”