Published : 01 Mar 2026, 09:59 PM
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিরূপ প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফেরা বিলম্বিত হচ্ছে জিম্বাবুয়ে দলের। আপাতত ভারতেই থাকবেন সিকান্দার রাজারা।
দিল্লিতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথচলা শেষ হয়েছে জিম্বাবুয়ের। তাদের এবং অন্যান্য দলগুলোর দেশে ফেরার বিকল্প পথ খুঁজছেন টুর্নামেন্টের আয়োজকরা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ে দলের সবার একসঙ্গে দেশে ফেরার কথা ছিল না। কয়েকজনের সোমবার ভোর সাড়ে চারটায় এবং বাকিদের দিনের পরের দিকে রওনা হওয়ার কথা ছিল। তাদের জন্য এমিরেটসের ফ্লাইট বুক করা হয়েছিল। দিল্লি থেকে দুবাই হয়ে তাদের হারারেতে যাওয়ার কথা ছিল।
ইএসপিএনক্রিকইনফো লিখেছে, অন্যান্য এয়ারলাইন্স এবং রুট বিবেচনা করা হচ্ছে।
ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে জিম্বাবুয়ে কোচ জাস্টিন স্যামন্স বলেন, “না, আমি এমন কিছু শুনিনি। আমরা যখন ম্যাচ শুরু করি, তখন এসব কিছুই ছিল না। আমরা কেবল ম্যাচের ওপর মনোযোগ দিয়েছি, তাই তখন থেকে আমি কিছু শুনিনি।”
সুপার এইটে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া পাকিস্তান দল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো থেকে লাহোরে ফিরেছে।
কলকাতায় সুপার এইটের শেষ ম্যাচে রোববার ভারতের বিপক্ষে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ক্যারিবিয়ানদের।
শনিবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। এই অঞ্চলে এবং আরও অনেক দেশে বিমান ভ্রমণ ব্যাহত হয়। বেশ কয়েকটি এয়ারলাইন্সকে ফ্লাইট বাতিল করতে হয় বা রুট পরিবর্তন করতে হয়।
আইসিসি শনিবার সকালে এক বিবৃতিতে বলেছে, তারা ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট সবার ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘বিকল্প পরিকল্পনা সক্রিয় করা হয়েছে’ বলে জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।