নেপালের গল্পে মিশে আছে আক্ষেপ আর গর্ব
ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়ার গর্ব আছে, পাশাপাশি আছে এত কাছে গিয়েও জিততে না পারার আফসোস।
গোটা ক্রিকেট দুনিয়া কুর্নিশ জানাচ্ছে নেপালকে। বর্তমান-সাবেক ক্রিকেটারদের অনেকে ও গ্রেটরা স্তুতির জোয়ার বইয়ে দিচ্ছেন। ক্রিকেটবিশ্বে তোলপাড় পড়ে গেছে। প্রাপ্তি তো কম নয়। সেই গর্বের ছোঁয়া পাচ্ছেন নান্দান ইয়াদাভ। তবে বুকের ভেতর হাহাকারও আছে নেপালের এই পেসারের, ইংল্যান্ডকে হারানোর এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে রোববার ঐতিহাসিক এক জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নেপাল। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। লোকেশ বাম তখন ব্যাট করছিলেন ১৫ বলে ৩৫ রানে। নেপালের জয়ই তখন মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে স্যাম কারান ৪ রানে জিতিয়ে দেন ইংল্যান্ডকে।
ম্যাচে নেপালের নজরকাড়া পারফরমারদের একজন ছিলেন নান্দান। জস বাটলার ও হ্যারি ব্রুকের উইকেট দুটি নিয়েছেন এই পেসার। ম্যাচের পর ২৫ বছর বয়সী পেসারের প্রতিক্রিয়ায় মিশে থাকল দুই ধরনের অনুভুতির দোলাচল।
“আফসোস হচ্ছে আমাদের, কারণ খুব কাছাকাছি গিয়েছিলাম আমরা, কিন্তু শেষ বাধাটুকু পার হতে পারিনি। তবে একই সঙ্গে গর্বও আছে, কারণ ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এতটা লড়াই করেছি।”
“এত কাছাকাছি যেতে পেরেছি মানে আমরা উন্নতি করছি। সবমিলিয়ে গর্ব আর আক্ষেপের মিশ্র অনুভূতি হচ্ছে।”
নেপালের পারফরম্যান্সে মুগ্ধতার কথা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের অনেকেই। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কিংবদন্তি ডেল স্টেইন তো সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নেপালের কাছ থেকে প্রস্তাব পেলেই তিনি কাজ করতে ছুটে যাবেন সেখানে।
স্টেইনের মতো একজনের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে দারুণ আপ্লুত নান্দান।
“আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার। একজন কিংবদন্তি, ১০ বছর যিনি রাজত্ব করেছেন ক্রিকেটে, তিনি আমাদের জন্য এমন টুইট করছেন। তবে এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার, আমরা সরাসরি তাকে প্রস্তাব দিতে পারি না..। হয়তো আমরা পারিও… আসলে জানি না, কীভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারি…।”
ইংল্যান্ডের সঙ্গে জিততে না পারলেও গ্রুপের অন্তত দুটি ম্যাচে জয়ের আশা করতেই পারে নেপাল। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথম খেলতে আসা ইতালি। গ্রুপের শেষ ম্যাচে লড়বে তারা স্কটল্যান্ডের সঙ্গে। দুই ম্যাচের মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে আবার তাদের চ্যালেঞ্জ থাকবে দারুণ কিছু করার।
