‘এক্স ফ্যাক্টর’ তারিকের বোলিং অ্যাকশনে কোনো সমস্যা দেখেন না পাকিস্তান অধিনায়ক
পাকিস্তানি অফ স্পিনার উসমান তারিকের অপ্রথাগত বোলিং অ্যাকশন নিয়ে চলছে আলোচনা।
বোলিংয়ের সময় স্টাম্পের কাছে এসে একটু থেমে যান উসমান তারিক। এরপর সাইড–আর্ম অ্যাকশনে ছোঁড়েন বল। পাকিস্তানি অফ স্পিনারের অপ্রথাগত বোলিং অ্যাকশন নিয়ে চলছে আলোচনা। তবে সতীর্থের বোলিংয়ে কোনো ধরনের সমস্যা দেখেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছেন ২৮ বছর বয়সী তারিক। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটিতে খেলতে পারেন এই সংস্করণে দেশের হয়ে এখন পর্যন্ত তিনবার মাঠে নামা তারিক।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তারিক। পরে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলেন তিনি। বিশ্বকাপের আগে পাকিস্তানের শেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন একটি ম্যাচ।
ওই ম্যাচে তারিকের বলে আউট হয়ে একরাশ বিরক্তি নিয়ে মাঠ ছাড়েন ক্যামেরুন গ্রিন। ফিরতে ফিরতে তারিকের বোলিং অ্যাকশনের অনুকরণ করতে দেখা যায় তাকে। গ্রিনের ওই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যদিও তারিকের বোলিং অ্যাকশন নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি অস্ট্রেলিয়া। তবে এরপর থেকেই আলোচনায় পাকিস্তানি এই স্পিনার। শুক্রবার সালমানের সংবাদ সম্মেলনেও ওঠে তারিকের বোলিং অ্যাকশনের প্রসঙ্গ।
তারিককে নিয়ে কথা বলার কোনো কারণই দেখেন না পাকিস্তান অধিনায়ক। উল্টো এই সতীর্থকে দলের ‘এক্স ফ্যাক্টর’ উল্লেখ করেন তিনি।
“তার বোলিং অ্যাকশন নিয়ে কেন আমরা কথা বলছি, আমি বুঝতে পারছি না। কারণ আমার মতে, তার বোলিং অ্যাকশন বৈধ। সে দুইবার পরীক্ষা দিয়েছে এবং দুইবারই উৎরে গেছে।”
“তার বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার কিছু দেখি না আমি। হ্যাঁ, সে আমাদের দলের এক্স ফ্যাক্টর। যখন আমাদের মনে হবে একজন এক্স ফ্যাক্টর প্রয়োজন, তখন অবশ্যই তাকে আমরা খেলাব।”
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুইবার তারিকের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তবে পরীক্ষায় কোনোবারই আর বোলিংয়ে সমস্যা ধরা পড়েনি।
এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচ খেলে ৬৭ উইকেট নিয়েছেন তারিক। ম্যাচে চারবার ধরেছেন তিনি চারটি করে শিকার।
