২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবল সুপার ওভার: কেউ বলছেন ‘অবিশ্বাস্য’, কারো চোখে ‘যেন সিনেমার গল্প’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ডাবল সুপার ওভার নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকাররা।

ডাবল সুপার ওভার: কেউ বলছেন ‘অবিশ্বাস্য’, কারো চোখে ‘যেন সিনেমার গল্প’
বহুদিন মনে রাখার মতো এক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 10:48 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ক্রিকেট ম্যাচে রোমাঞ্চ আর উত্তেজনার কত রূপই তো দেখা গেছে যুগে যুগে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচের নাটকীয়তা যেন ছাড়িয়ে গেছে অতীতের সবকিছুকে। মূল ম্যাচ ও প্রথম সুপার ওভার ‘টাই’ হওয়ার পর, দ্বিতীয় সুপার ওভারের মহানাটকে জিতেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ডাবল সুপার ওভার নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকাররা। 

আহমেদাবাদে বুধবার মূল ম্যাচে ২০ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে দুই বল বাকি থাকতে আফগানিস্তানের ইনিংস থামে ১৮৭ রানেই।

প্রথম সুপার ওভারে আফগানরা তোলে ১৭ রান। সেখানেও হয় চরম নাটক। শেষ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন পড়ে ৭ রানের। স্ট্রিস্টান স্টাবসের ছক্কায় ‘টাই’ করে ফেলে প্রোটিয়ারা।

দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা করে ২৩ রান। স্পিনার কেশাভ মহারাজের প্রথম বলে রান নিতে ব্যর্থতা হওয়া মোহাম্মাদ নাবি আউট হয়ে যান পরের বলে। বাকি চার বলে যখন প্রয়াজন ২৪ রান, টানা তিনটি বিশাল ছক্কা মেরে লড়াই জমিয়ে তোলেন রাহমানউল্লাহ গুরবাজ। শেষ বলে চার মারলে ‘টাই’ হতো আবার, কিন্তু আউট হয়ে যান তিনি। ৪ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। 

ম্যাচের এমন সমাপ্তি যেন বিশ্বাসই হচ্ছে না দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ও এই ম্যাচের ধারাভাষ্যকার ডেল স্টেইনের। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “এটি ছিল অবিশ্বাস্য।”

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসিও প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট্ট করে, “কী দারুণ এক ম্যাচ!” 

হাসির তিনটি ইমোজি দিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমরা যেকোনো দিনই জিততে পারি।” 

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে কখনও হারাতে পারেনি আফগানিস্তান।

সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান তাই লিখেছেন, “ওহ আফগানিস্তান… এত কাছে, তবু কত দূরে।”

বিশ্বজুড়ে পরিচিত ও অভিজ্ঞ কোচ মিকি আর্থার লিখেছেন, “ক্রিকেটের সত্যিকারের খেলা!”

শেষ দিকে দক্ষিণ আফ্রিকার স্নায়ুর চাপ সামাল দিতে পারার প্রশংসা করেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা।

“টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার দেখা সবচেয়ে পাগলাটে ম্যাচগুলোর মধ্যেই থাকবে এটি। আফগানিস্তানের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া গুরবাজের জন্য খারাপ লাগছে! দক্ষিণ আফ্রিকা চাপের মুখে তাদের স্নায়ু ধরে রাখতে পেরেছিল, যা দেখাটা ছিল দারুণ!”

ধারাভাষ্যকার হার্শা ভোগলের প্রতিক্রিয়া, “এক মিনিটে নায়ক, পরের মিনিটে…। ফারুরি, ওমারজাই। অল্প ব্যবধানের খেলা, নো বল, রান আউট বা ইয়র্কারে ব্যর্থ হওয়া। সর্বকালের সেরা টি-টোয়েন্টি ম্যাচগুলোর একটি।”

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি তাব্রেইজ শামসি লিখেছেন, ম্যাচের উত্তেজনায় বুক ধড়ফড় করছিল তার। 

“নিরপেক্ষ দর্শক হিসেবে এটি কি আপনার দেখা সেরা ম্যাচগুলোর একটি? শেষ মুহূর্তে আমার হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল।”

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকেও ছুঁয়ে গেছে এই ম্যাচের রোমাঞ্চ।

“এক দিনে দুটি সুপার ওভার একঘেয়েমিকে অনেক দূরে ঠেলে দেয়… জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা দলকে অভিনন্দন। খেলাটি শেষ পর্যন্ত দেখার জন্য নিজেকে শান্ত রাখার প্রয়োজন। এই আফগানিস্তান দলের সত্যিই বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে।”

স্বীকৃত ক্রিকেটে আড়াইশর বেশি ম্যাচ খেলা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটার শ্রিভাটস গোস্বামীর কাছে ম্যাচটি ‘যেন সিনেমার গল্প।’

“এমন একটি ক্রিকেট ম্যাচ, যা আমরা যুগ যুগ ধরে মনে রাখব! অবাস্তব দৃশ্য, ঠিক যেন সিনেমার গল্প! উভয় দলেরই জয় প্রাপ্য ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকা জয় ছিনিয়ে নিয়েছে। আফগানিস্তানকে অভিনন্দন।”