২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুরো নেপাল আমাদের নিয়ে গর্ব করবে’, ইংল্যান্ডের বুকে কাঁপুনি ধরিয়ে রোহিত

সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অল্পের জন্য হারাতে না পারার হতাশা আছে, তবে দলের প্রচেষ্টায় সন্তুষ্ট নেপাল অধিনায়ক।

‘পুরো নেপাল আমাদের নিয়ে গর্ব করবে’, ইংল্যান্ডের বুকে কাঁপুনি ধরিয়ে রোহিত
ওয়াংখেড়ে স্টেডিয়াম ঘুরে দর্শকের সমর্থনের জবাব দিচ্ছেন নেপালের ক্রিকেটাররা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 09:44 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ঐতিহাসিক এক জয় ছিল নেপালের নাগালে। অল্পের জন্য সেটি ধরতে পারেনি তারা। বাগে পেয়েও ইংল্যান্ডকে হারাতে না পারার হতাশা তাই স্বাভাবিকভাবেই আছে। তবে দলের প্রচেষ্টায় ভীষণ খুশি অধিনায়ক রোহিত পাউডেল। তার মতে, এমন পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য নেপালের মানুষ তাদেরকে নিয়ে গর্ব করবে।

মুম্বাইয়ে রোববার ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করে নেপাল। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে স্রেফ ৪ রানের জন্য হেরে যায় তারা। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় ১৮০ রান করতে পারে এশিয়ার দলটি।

একটা সময় তো মনে হচ্ছিল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন বুঝি হয়েই যাবে। কিন্তু শেষ ওভারে ১০ রানের সমীকরণ মেলাতে পারেনি নেপাল। বলা ভালো, দুর্দান্ত বোলিংয়ে তাদেরকে লক্ষ্যে পৌঁছাতে দেননি ইংলিশ পেসার স্যাম কারান।

ম্যাচ শেষে কারানের উচ্ছ্বসিত প্রশংসা করেন রোহিত। সঙ্গে সতীর্থদের পারফরম্যান্সের স্তুতিও ঝরে তার কণ্ঠে। 

“ফলাফলের দিক থেকে, এটা আমাদের পক্ষে আসেনি। তবে প্রচেষ্টার কথা বললে, আমরা ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং সব দিকেই নিজেদের শতভাগ দিয়েছি। ইংল্যান্ডও ডেথ বোলিংয়ে ভুগেছে, তবে স্যাম কারান খুবই ভালো বোলিং করেছে। ডেথ ওভারে বোলিং করা কঠিন, বিশেষ করে ইয়র্কার, স্লোয়ার বাউন্সার করা। তবে আমার মনে হয়, আমরা সেখানে আরও উন্নতি করব।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সবার জন্য উন্মুক্ত, আসর শুরুর আগের দিন বলেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার কাগিসো রাবাদা। নেপাল অধিনায়ক রোহিতও বললেন, এখানে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

“আমরা কোনো দলকে হালকাভাবে নেব না। টুর্নামেন্টের অন্য দলগুলোও কাউকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখবে না। (দলের প্রতি) এটাই আমার বার্তা। দল হিসেবে আমাদের শতভাগ দিতে হবে।”

ওয়াংখেড়ে স্টেডিয়াম এদিন যেন হয়ে উঠেছিল এক টুকরো নেপাল। গ্যালারিতে ছিল নীল-লালের জোয়ার। ক্রিকেটপ্রিয় সমর্থকদের স্মরণীয় এক জয় উপহার দেওয়ার কাছেই ছিল দল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

রোহিত মনে করছেন, তাদের পারফরম্যান্সে গর্ব করার রসদ আছে সমর্থকদের জন্য।

“সমর্থকরা অনেক আবেগপ্রবণ। খুবই আবেগি। আমাদের সমর্থন দিতে পুরো কাঠমান্ডু ও নেপাল এখানে চলে এসেছে। আমাদের ওপর তাদের আস্থা অনেক। আমার মনে হয়, পুরো নেপাল আমাদের নিয়ে গর্ব করবে।”

আগামী বৃহস্পতিবার ওয়াংখেড়েতেই ইতালির মুখোমুখি হবে নেপাল।