রান তাড়ার রেকর্ড গড়ে লঙ্কানদের হারাল জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের মতো পথচলায় গ্রুপ পর্বে অপরাজিত রইল আফ্রিকার দলটি।
তিন বলের মধ্যে সিকান্দার রাজা ও টাশিঙ্গা মুসেকিওয়া বিদায় নেওয়ায় কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার নিভু নিভু আশার বাতিও আরেকটু উজ্জ্বল হয়। তবে, শেষ ওভারে আট রানের চ্যালেঞ্জে প্রথম বলেই ছক্কা মেরে লঙ্কানদের সেই বাতি নিভিয়ে দেন টনি মুনিয়োঙ্গা। স্বাগতিকদের বিপক্ষে রান তাড়ার রেকর্ড গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি জয় পেল জিম্বাবুয়ে।
কলম্বোয় বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৬ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার ১৭৮ রান তিন বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।
টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। ২০২৪ সালে ১৭৪ রানের লক্ষ্যে জয় ছিল আগের রেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই প্রথম দেড়শর বেশি রান তাড়া করে জিতল জিম্বাবুয়ে। ২০১৪ আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪১ রানের লক্ষ্যে জয় ছিল এত দিন রেকর্ড।
বিশ ওভারের বিশ্বকাপে এর চেয়ে বেশি রান করে স্রেফ একবার হেরেছিল শ্রীলঙ্কা। ২০১৪ আসরে ইংল্যান্ডকে ১৯০ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি তারা।
বাছাই পেরুতে না পারায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। সেই দলকেই এবার দেখা যাচ্ছে ভিন্ন রূপে। বাছাই পর্বে অপরাজিত থাকা সিকান্দার রাজার দল মূল পর্বেও এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ।
জিম্বাবুয়ের এদিনের জয়ের নায়ক অধিনায়ক রাজা চারে নেমে যিনি চারটি ছক্কা ও দুই চারে ২৬ বলে ৪৫ রান করেন। অবদান কম নয় ব্রায়ান বেনেটের। দলের জয় সঙ্গে নিয়ে ফেরা ওপেনার আট চারে করেন ৬৩ রান। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত তিনি; অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয়ে ৬৪ রান ও ওমানের বিপক্ষে ৪৮ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
ম্যাচের প্রথমভাগে আলো ছড়ানো পাথুম নিসাঙ্কা করেন আট চারে ৬২ রান। লঙ্কান ওপেনার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস।
নিসাঙ্কা ও কুসাল পেরেরার ব্যাটে ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার। চার ওভারেই ৪৬ রান তুলে ফেলেন তারা। পঞ্চম ওভারে পেরেরাকে বিদায় করে ৫৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ব্লেসিং মুজারাবানি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা নিসাঙ্কা দশম ওভারে স্পর্শ করেন ফিফটি, ৩৪ বলে। দ্বাদশ ওভারে একশ স্পর্শ করে শ্রীলঙ্কার রান। পরের দুই ওভারে কুসাল মেন্ডিস ও নিসাঙ্কাকে হারায় তারা।
এরপর লঙ্কানদের রানের চাকা সচল রাখেন পাভান রাত্নায়েকে। সিকান্দার রাজাকে ছক্কায় ওড়ানো ব্যাটসম্যান ব্র্যাড ইভান্সকে টানা তিন বলে মারেন দুটি চার ও একটি ছক্কা। ওই ওভারেই পাভান ও দুশান হেমান্থাকে ফিরিয়ে দেন ইভান্স।
শেষ ওভারে মুজারাবানিকে তিনটি চার মারেন দুনিথ ওয়েলালাগে। তাতে শ্রীলঙ্কার রান ১৮০ এর কাছে যায়।
রান তাড়ায় টাডিওয়ানাশে মারুমানি ও বেনেটের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। প্রথম ছয় ওভারে দলকে ৫৫ রান এনে দেন তারা।
মারুমানি ও বেনেটের ব্যাটে সমান গতিতে আসতে থাকে রান। নবম ওভারে ওয়েলালাগেকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন এক ছক্কা ও পাঁচটি চারে ৩৪ রান করা মারুমানি। ভাঙে ৬৯ রানের শুরুর জুটি।
ক্রিজে গিয়ে মুখোমুখি পঞ্চম ও ষষ্ঠ বলে চার ও ছক্কা হাঁকান রায়ান বার্ল। দারুণ শানাকে বাউন্ডারি মারার পরের বলে শর্ট ফাইন লেগে ধরা পড়েন তিনি।
এরপর শুরু হয় বেনেটকে নিয়ে রাজার রান তাড়া। পঞ্চদশ ওভারে লেগ স্পিনার দুশান হেমান্থাকে টানা দুটি ছক্কায় ওড়ানোর পর চার মারেন রাজা। পরের ওভারে থিকশানাকে ছক্কা ও চার মারেন তিনি।
রাজার ঝড়ে শেষ ছয় ওভারে ৬৫ রান থেকে জিম্বাবুয়ের সামনে শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ১৩ রান। ১৯তম ওভারে দুর্দান্ত দুটি ক্যাচে রাজা ও মুসেকিওয়াকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন শানাকা। কিন্তু শেষ ওভারে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৭ (নিসাঙ্কা ৬২, পেরেরা ২২, মেন্ডিস ১৪, পাভান ৪৪, কামিন্দু ৭, শানাকা ৬, ওয়েলালাগে ১৫*, হেমান্থা ০, থিকশানা ০*; রাজা ৪-০-৩৬-০, মুজারাবানি ৪-০-৩৮-২, মাসাকাদজা ৩-০-২৩-০, ইভান্স ৩-০-৩৫-২, ক্রিমার ৪-০-২৭-২, বার্ল ২-০-১৬-১)
জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৮২/৪ (বেনেট ৬৩*, মারুমানি ৩৪, বার্ল ২৩, রাজা ৪৫, মুসেকিওয়া ১, মুনিয়োঙ্গা ৮*; মাদশাঙ্কা ৩-০-২০-০, মাদুশান ২-০-২৩-০, থিকশানা ৩.৩-০-৪৭-০, শানাকা ৩-০-২৬-১, হেমান্থা ৪-০-৩৬-২, ওয়েলালাগে ৪-০-২৭-১)
ফল: জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা।
