বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের প্রত্যেক ক্রিকেটারকে ‘৫০ লাখ রুপি জরিমানা’
চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাজেভাবে হারের পরই ক্রিকেটারদের অভূতপূর্ব এই শাস্তি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের অভূতপূর্ব শাস্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ দলের প্রত্যেক সদস্যকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
ভারত ও শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টানা চারটি আইসিসি টুর্নামেন্টে সেমি-ফাইনালে যেতে ব্যর্থ হলো তারা।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, এই জরিমানা শৃঙ্খলাজনিত কারণে নয়, বরং বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্যই। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পরপরই ক্রিকেটারদের এই জরিমানা করা হয়। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ওই ম্যাচে ৬১ রানে হারে সালমান আলি আগার দল। তাদের এটাও বলা হয়েছিল যে, পাকিস্তান যদি টুর্নামেন্টের সেমি-ফাইনালে ওঠে, তাহলে জরিমানা মওকুফ করা হতে পারে।
বাঁচা-মরার লড়াইয়ে নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে ওঠে পাকিস্তান। এই ধাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা। শেষ ম্যাচে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতে সেমি-ফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেদিন ২১২ রানের পুঁজি গড়া পাকিস্তানের শেষ চারে যেতে শ্রীলঙ্কাকে আটকে রাখতে হতো ১৪৭ রানের মধ্যে। সেটা তারা না পারায় সেমি-ফাইনালে উঠে যায় নিউ জিল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচটি কোনোমতে জিততে পারে পাকিস্তান।
পিসিবি আগেও খেলোয়াড়দের নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। তবে শাস্তি দেওয়া হয়েছে সাধারণ শৃঙ্খলাজনিত কারণে। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, পুরো বিশ্বকাপে দলের মধ্যে কোনো শৃঙ্খলাজনিত সমস্যা ছিল না। তাদের মাঠের পারফরম্যান্সের জন্যই মূলত জরিমানা করা হয়েছে, যা বিরল ও অভূতপূর্ব।
মাস পাঁচেক আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার সব অনাপত্তিপত্র সাময়িকভাবে স্থগিত করেছিল পিসিবি। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো শীর্ষ খেলোয়াড় বিগ ব্যাশে খেলার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পরপরই এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
সব ক্রিকেটারকে জরিমানা করা হলেও, কিছু ক্রিকেটারের জন্য ব্যক্তিগতভাবে বিশ্বকাপ দারুণ কেটেছে, যেমন সাহিবজাদা ফারহান। ছয় ইনিংসে ৩৮৩ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
