Published : 16 Feb 2026, 10:00 PM
উজ্জীবিত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেও পা মাটিতেই রাখছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অধিনায়ক ও তার দলের পুরো মনোযোগ গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে। সতীর্থদের তিনি মনে করিয়ে দিয়েছেন, এখন ভুল করলে সব অর্জনই বৃথা যাবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সুপার এইটে যাওয়ার খুব ভালো সম্ভাবনা জাগিয়েছে জিম্বাবুয়ে। মঙ্গলবার তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। আগের দিন সংবাদ সম্মেলনে রাজা বললেন, তাদের সব মনোযোগ এখন এই ম্যাচ ঘিরে।
“আমরা পা মাটিতেই রাখছি। আমাদের যাত্রার এবং যে লক্ষ্য ঠিক করেছি, এটি কেবল তার একটি অংশ। এখন যদি কোনো ভুল করি, তাহলে এখন পর্যন্ত যে জয়গুলো আমরা পেয়েছি, সেগুলোর কোনো মূল্য থাকবে না।”
ওমানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জিম্বাবুয়ে। এরপর অস্ট্রেলিয়াকে হারায় তারা ২৩ রানে।
ওই দুটি ম্যাচ তারা খেলেছে কলম্বোয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পাল্লেকেলেতে। একই মাঠে এই গ্রুপের ম্যাচেই সোমবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
রাজা জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা সাজাতে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচে গভীর মনোযোগ রাখবেন তারা।