২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ জিতে টস হারের আক্ষেপ পাকিস্তান অধিনায়কের

শ্রীলঙ্কার বিপক্ষে জিতেও বিশ্বকাপ থেকে বিদায়ের পর সালমান আলি আগা বললেন, তিনি টস জিতলে গল্পটা অন্যরকম হতে পারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 07:52 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা টস জিতে বোলিং নেওয়ার পর সালমান আলি আগা বলেছিলেন, জিতলে তিনিও আগে বোলিং নিতেন। বড় পুঁজি গড়ে ম্যাচটি জিতেও বিশ্বকাপ থেকে বিদায়ের পর পাকিস্তান অধিনায়ক বললেন, টসই গড়ে দিয়েছে বড় পার্থক্য। 

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ রানে হারায় পাকিস্তান। পাল্লেকেলেতে শনিবার পাকিস্তানের ২১২ রানের জবাবে লঙ্কানরা করে ২০৭ রান।

কিন্তু এই জয় কোনো কাজে আসেনি পাকিস্তানের। সেমি-ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো তাদের। সেটা তারা না পারায় সেমি-ফাইনালে উঠে গেছে নিউ জিল্যান্ড।

ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে সালমান বললেন, রাতের শিশিরের কারণেই মূলত কাজটা কঠিন হয়েছে তাদের। 

“শিশিরের কারণে টস হারের পর লড়াইটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারপর পিচটা খুব ভালো ছিল, আর ওদের ১৪৮ রানে আটকে রাখা চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার মনে হয়, যদি টস জিততাম, তাহলে গল্পটা অন্যরকম হতে পারত।”

লেগ স্পিনার আবরার আহমেদ ছাড়া পাকিস্তানের আর কোনো বোলার এই ম্যাচে ভালো করতে পারেননি। আগের ম্যাচগুলোতে বেশ ভালো বোলিং করা অফ স্পিনার উসমান তারিক এদিন চার ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ২০ ওভারের ক্রিকেটে টানা ২৬ ইনিংসে অন্তত একটি উইকেট নেওয়ার পর উইকেটশূন্য থাকলেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে স্পিনারদের পারফরম্যান্সে হতাশ হলেও তারিককে কাঠগড়ায় তুলছেন না সালমান।

“বলতে পারেন যে, শিশির অবশ্যই একটা ফ্যাক্টর ছিল। কিন্তু আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের স্পিনাররা (আসরে) দুর্দান্ত ছিল, কিন্তু আজ স্পষ্টতই উসমানের (তারিক) বাজে দিন ছিল। টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে, সে দারুণ বোলার, তবে বাজে দিনও আসতে পারে। তবে হ্যাঁ, আমি মনে করি, শিশির একটা ফ্যাক্টর ছিল।”

সাহিবজাদা ফারহান ও ফাখার জামানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। ১৫.৪ ওভার শেষে তাদের স্কোর ছিল বিনা উইকেটে ১৭৬। কিন্তু শেষ ২৬ বলে ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৩৬ রান। শেষ দুই ওভারে ১৪ রান করতে হারায় ৫ উইকেট।

শেষ দিকের ব্যাটিংয়ে নিয়েও আক্ষেপ ঝরল সালমানের কণ্ঠে। তবে আবারও শিশিরের কথাই বললেন তিনি।

“হ্যাঁ, যদি আমরা ওই দুই ওভারে ভালো ব্যাটিং করতাম, আরও ৩০ রান করতাম, ১০-১৫ রান বেশি করতাম, তাহলে গল্পটা অন্যরকম হতে পারত। তবে হ্যাঁ, আমি সবসময়ই বলব, শিশিরের সামনে ১৪৮, এমনকি ১৬০ রানে আটকে রাখাও চ্যালেঞ্জিং হতো।”