সবচেয়ে ‘বড় ম্যাচে’ এক অতৃপ্তি ঘোচালেন ইশান কিষান
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শুরুর ধাক্কা কাটিয়ে জয়ের ভিত গড়ে দিয়ে নায়ক ভারতের এই ওপেনার।
প্রথম ওভারেই উইকেট হারানোর ধাক্কা দলকে বুঝতেই দিলেন না ইশান কিষান। ব্যাট হাতে তুললেন ঝড়। দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। পরে বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর, ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি।
কলম্বোয় রোববার ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের ৬১ রানের জয়ের নায়ক ইশান। শুরুতেই ধাক্কা খাওয়া দলকে বড় পুঁজি এনে দিতে ব্যাট হাতে মূল ভূমিকা রাখেন তিনি; ৪০ বলে ১০ চার ও তিন ছক্কায় করেন ৭৭ রান।
অনেক টানাপোড়েনের পর রোববার মাঠে গড়ানো ম্যাচে ভারতের ১৭৫ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে আগে চারবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ইশান কিষান। কিন্তু কখনও বিশ্বকাপের মঞ্চে সেই স্বাদ পাননি। এবার তৃতীয় ম্যাচে এসে, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই অপূর্ণতা দূর হলো এই ওপেনারের।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ওভারের শেষ বলে ফিরে যান আভিশেক শার্মা।
তবে পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির প্রথম দুই বলে ছক্কা ও চার হাঁকান ইশান। ওই ওভারের শেষ বলে আরেকটি চার মারেন তিলাক ভার্মা। এরপর পঞ্চম ওভারে আবরার আহমেদকে একটি করে ছক্কা ও চার মারেন তিনি।
আবরারের করা সপ্তম ওভারের প্রথম দুই বলে দুটি বাউন্ডারি মেরে ২৭ বলে হাফ সেঞ্চুরি স্পর্শ করেন ইশান। পরের বলে মারেন আরেকটি চার। পরের ওভারে সাদাবকে একটি করে ছক্কা ও চার মারেন তিনি। এরপর, নবম ওভারে সাইমের চতুর্থ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান তিনি।
এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি ছোঁয়া ইনিংস খেললেন ইশান। আগের ম্যাচে নামিবিয়ার বোলারদের তুলোধুনা করে ২৪ বলে ৬১ রান করেন তিনি।
দাপুটে ব্যাটিংয়ে সেদিনই ম্যাচ সেরা হতে পারতেন ইশান, তবে সেদিন অলরাউন্ড পারফরম্যান্সে পুরস্কারটি জেতেন হার্দিক পান্ডিয়া। এবার বৈশ্বিক আসরে সেরার পূরস্কার জয়ের অপূর্ণতা দূর হলো ইশানের।
