২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ইনিংসেই ‘গোটা দুনিয়া’ পেয়ে গেছেন স্যামসন

“যেদিন থেকে খেলা শুরু করেছিলাম, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছিলাম, তখন থেকে এই দিনটির অপেক্ষাতেই ছিলাম”, অসাধারণ ইনিংস খেলে ভারতকে সেমি-ফাইনালে তুলে বলছেন সাঞ্জু স্যামসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 10:06 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ফিফটি হয়ে গেল ২৬ বলেই। সেখান থেকে আরও ডানা মেলে দেওয়ার কথা। কিন্তু সাঞ্জু স্যামসন যেন মাটিতে নেমে এলেন। নতুন করে শুরু করলেন। গার্ড নিলেন আবার, একটু সময় নিলেন। নিজের সঙ্গে বোঝাপড়াও হয়তো করে নিলেন। এখনও পাড়ি দিতে হবে অনেক পথ!

ইনিংস শুরু করতে নামা সেই স্যামসনের ব্যাটে ফিফটির পর ফুটে উঠল আরও দায়িত্বশীলতার ছাপ। উইকেট আগলে রাখা, রান বাড়ানো, চাপ সরানো, সবকিছুই দারুণভাবে করে দলকে জিতিয়ে দিলেন তিনি অসাধারণ এক ইনিংস খেলে। ক্রিকেটের আঙিনায় এত এত বছর পথচলার পর অবশেষে বড় মঞ্চে দেশকে তুলে ধরলেন তিনি উঁচুতে। ম্যাচের পর উচ্ছ্বসিত স্যামসনের আবেগময় উপলব্ধি, এটি তার জীবনের সেরা দিনগুলির একটি।

কলকাতায় রোববার কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া ম্যাচে স্যামসনের ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে দেন স্যামসন। 

ম্যাচ-সেরার পুরস্কার পাওয়ার পর সঞ্চালক ইয়ান বিশপ জানতে চাইলেন এই ইনিংসের মাহাত্ম কতটুকু তার নিজের কাছে। ৩১ বছর বয়সী ব্যাটসম্যান লাজুক হাসিতে খুলে দেন মনের সব অনুভূতির দুয়ার। 

“সত্যি বলতে, এটা আমার কাছে গোটা দুনিয়া পেয়ে যাওয়ার মতো। ঠিক যেদিন থেকে খেলা শুরু করেছিলাম, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছিলাম, আমার মনে হয়, এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। খুবই কৃতজ্ঞ, খুবই বাধিত।”

“আমার পথচলা সবসময়ই ছিল স্পেশাল, যেখানে ছিল অনেক উত্থান-পতন। নিজেকে অনেক অনেক সংশয়ও জেগেছে আমার, চিন্তা করেই গেছি, ‘যদি এটা হয়, যদি ওটা হয়’, ‘আমি কি পারব?’ তবে নিজে ওপর বিশ্বাস রেখেছি এবং সর্বশক্তিমান প্রভুর কাছে কৃতজ্ঞতা আজ আমাকে আশিস দেওয়ার জন্য। খুবই খুশি আমি।”

স্যামসনের ক্যারিয়ার অনুসরণ করে থাকলে তার লড়াইয়ের ইতিহাসও জানা থাকার কথা। আইপিএলে খেলছেন তিনি সেই ২০১৩ সাল থেকে। টুর্নামেন্টের ইতিহাসের সেরাদের একজন তিনি। জাতীয় দলে খুব বেশি না খেলে শুধু আইপিএল থেকেই তারকা হওয়া ক্রিকেটারদের মধ্যে তিনি সম্ভবত উজ্জ্বলতম। 

জাতীয় দলের সুযোগও তার এসেছিল দ্রুতই। ২০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। কিন্তু বাদ পড়েন স্রেফ একটি ম্যাচ খেলেই। দেশের জার্সিতে পরের ম্যাচটি খেলতে তাকে অপেক্ষা করতে হয় আরও চার বছর!

আইপিএলে এত ভালো করলেও তাকে কেন জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তখন নিয়মিতই উঠত। ২০২০ সালে সেই প্রত্যাবর্তনের পরও থিতু হতে পারেননি। ২০২৩ সাল পর্যন্ত দলে আসা-যাওয়া করতে হয়েছে বারবার। 

ওয়ানডে অভিষেক হয় ২০২১ সালে। সেখানেও সেই একই গল্প। সবশেষ ওয়ানডে ম্যাচটিতেই তার সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকায়। ২০২৩ সালে সেই ম্যাচটির পর এই সংস্করণে আর সুযোগ মেলেনি তার। ১৬ ওয়ানডে খেলে তার গড় ৫৬.৬৬, স্ট্রাইক রেট ৯৯.৬০। তবু সুযোগের জন্য হাপিত্যেশ করছেন এখনও। 

টি-টোয়েন্টির ভারতীয় দলে ২০২৪ সাল থেকে একটু থিতু হতে পারেন। ওই বছরের শেষ দিকে পাঁচ ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরিও উপহার দেন। তবে গত বছর আবার কাটে অস্থিরতায়। পারফরম্যান্স হয়ে ওঠে অধারাবাহিক। ফর্ম হয়ে ওঠে অনিয়মিত। ব্যাটিং পজিশন নিয়েও চলে টানাহেঁচড়া। এই বিশ্বকাপের শুরুতে একাদশ নয়, তার জায়গা হয় ডাগআউট। 

অবশেষে অনেক পরিশ্রম ও প্রতীক্ষার পর এলো এই দিনটি। বড় মঞ্চে দলের মহাগুরুত্বপূর্ণ জয়ের নায়ক তিনি। 

বিশ্বকাপে এবারই প্রথম খেলছেন তিনি। এত বড় ম্যাচ, এত চাপের ম্যাচের অভিজ্ঞতা ছিল না স্বাভাবিকভাবেই। তবে এই সংস্করণে এত ম্যাচ তিনি খেলেছেন, গ্রেটদের এত বছর দেখেছেন কাছ থেকেই, টি-টোয়েন্টির ব্যাটিং তাই রপ্ত করে ফেলেছেন মনের মতো করে।  

“অনেক দিন ধরেই এই সংস্করণ খেলছি। আইপিএলে খেলছি ১০-১২ বছর ধরে, দেশের হয়ে ১০ বছর ধরে। খুব বেশি মাঠে নামার সুযোগ পাইনি (আন্তর্জাতিক ক্রিকেটে), তবে ডাগআউট থেকে দেখে, ভিরাট কোহলি, রোহিত শার্মা ও অন্য গ্রেটদের দেখে শিখেছি। তারা কী করছেন, সেসব পর্যবেক্ষণ করা ও সেখান থেকে শেখা খুব গুরুত্বপূর্ণ। আমাকে এটা সহায়তা করেছে আরও অভিজ্ঞ হয়ে উঠতে।”

“মাত্র ৫০-৬০টি ম্যাচ খেলেছি, তবে দেখেছি ১০০টির মতো এবং দেখেছি, সর্বকালের সেরারা কীভাবে খেলাটা শেষ করে, কীভাবে তারা ম্যাচের নানা পরিস্থিতিতে নিজের খেলা বদলায়।”

এবারের আসরে আগে দুটি ম্যাচ খেলে দুবারই আগে ব্যাট করে তার রান ছিল ৮ বলে ২২ ও ১৫ বলে ২৪। তাকেই উল্টো চেহারায় দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়ায়। স্যামসন বললেন, অভিজ্ঞতা থেকেই শিখেছেন এসব। দলের প্রয়োজনে এমন একটি ইনিংস খেলে তার গর্বের শেষ নেই। 

“গত ম্যাচে আমরা আগে ব্যাট করছিলাম, বড় স্কোর গড়ার ব্যাপার ছিল। এজন্য প্রথম বল থেকেই শট খেলেছি। এই ম্যাচ ছিল পুরোপুরি ভিন্ন। যখনই একটু চালিয়ে খেলার কথা ভেবেছি, অন্য প্রান্তে উইকেট পড়েছে। এজন্য চেয়েছি জুটি গড়তে, নিজের প্রক্রিয়ায় থাকতে।”

“কখনোই ভাবতে পারিনি, এরকম স্পেশাল কিছু করব। স্রেফ নিজের ভূমিকায় মনোযোগ রাখছিলাম এবং প্রতিটি বল ধরে এগোচ্ছিলাম। আমার মনে হয়, আমার জীবনের সেরা দিনগুলির একটি এটি।”