২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভারত অধিনায়ক

পাকিস্তান না খেলার ঘোষণা দিলেও নিয়ম মেনে মাঠে যাওয়ার কথা নিশ্চিত করলেন সুরিয়াকুমার ইয়াদাভ।

পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভারত অধিনায়ক
সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান। ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ স্পষ্ট জানিয়ে দিলেন, ম্যাচটি নিয়ে তাদের অবস্থান একেবারেই বদলাচ্ছে না, নিয়ম মেনে তারা মাঠে যাবেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

পাকিস্তানের এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, আইসিসির প্রটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে।

মুম্বাইয়ে বৃহস্পতিবার বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে আইসিসির আয়োজনে ভারত অধিনায়ক সুরিয়াকুমারও বললেন একই কথা।

“আমাদের অবস্থান খুবই স্পষ্ট। তাদের (পাকিস্তান) বিপক্ষে খেলার ব্যাপারে আমরা না বলিনি, তারাই না বলেছে। আইসিসি সূচি দিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে আমাদের খেলার সিদ্ধান্ত সরকার দিয়েছে। আমাদের ফ্লাইট বুক করা হয়েছে এবং আমরা যাচ্ছি। প্রথমে আমরা মুম্বাইয়ে খেলব, এরপর দিল্লিতে যাব এবং তারপর কলম্বোয় যাব। আমার মনে হয় তাদের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই।”

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ভারতকে ওয়াকওভার দেওয়া হবে এবং তারা ২ পয়েন্ট পাবে।

ওয়াকওভার পেতে ভারতীয় অধিনায়ককে টসের জন্য আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করবেন ম্যাচ রেফারি।

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেওয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন।